ওঙ্কার ডেস্ক: আগামী ৩০ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে উত্তর বঙ্গগামী ১১৩ টি ট্রেন, এমনটাই এক বিবৃতিতে জানালো পূর্ব রেল কতৃপক্ষ। পুজোর আগে এমন ঘোষনাতে বেশ অসন্তোষ প্রকাশ করেছে পর্যটন কারীরা।
রেল কতৃপক্ষ তরফ থেকে জানানো হয়েছে, মালদহ টাউন স্টেশনের ইয়ার্ড পুনর্গঠনের কারণে টানা ছয়দিনে মোট ১১৩টি ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। একইসঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেনের সময়সূচি বদলানো হচ্ছে, কিছু ট্রেন আবার ঘুরপথে চালানো হবে। ফলে আগে থেকে পরিকল্পনা করে রাখা বহু যাত্রী সমস্যায় পড়তে পারেন। রেল সূত্রে খবর, এই সময়ে ৪০টি এক্সপ্রেস এবং ৮টি প্যাসেঞ্জার মিলিয়ে আপ-ডাউন মোট ১১৩টি ট্রেন বাতিল থাকবে। বৃহস্পতিবার, ২৮ আগস্ট থেকেই ওই রুটে ইন্টারলকিং ও নন-ইন্টারলকিংয়ের কাজ শুরু হয়েছে। সেই কারণেই একসঙ্গে এতগুলো ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিতে হয়েছে।
বাতিল তালিকায় রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন শতাব্দী এক্সপ্রেস, তিস্তা-তোর্সা এক্সপ্রেস, কুলিক এক্সপ্রেস, হাটে বাজারে এক্সপ্রেস, কাঞ্চনকন্যা, কাঞ্জনজঙ্ঘা ও রাধিকাপুর এক্সপ্রেস। এছাড়াও মালদহ টাউনের উদ্দেশে যাওয়া বেশ কয়েকটি ট্রেন কেবল রামপুরহাট পর্যন্তই চালানো হবে। অন্যদিকে কামাখ্যা ও রাধিকাপুরগামী বেশ কয়েকটি ট্রেনের সময়ও বদল করা হয়েছে।
সব মিলিয়ে, উৎসবের আগে ভ্রমণপিপাসু মানুষদের জন্য এই সিদ্ধান্ত কার্যত মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। যাত্রীদের অনেককেই হয় বুকিং বাতিল করতে হবে, নয়তো অন্য পরিবহনের ওপর নির্ভর করতে হবে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কাজ সম্পূর্ণ হলে মালদহ টাউনের ইয়ার্ড আরও আধুনিক ও সুরক্ষিত হবে, তবে ততদিন যাত্রীদের অসুবিধা এড়ানো যাবে না।
