ওঙ্কার ডেস্ক: সিপিএমের সদর দফতরের সামনেই এবার চণ্ডীপাঠের আসর। পুজোর মরশুমে মঙ্গলবার দুপুরে আলিমুদ্দিন স্ট্রিটে এই ধর্মীয় কর্মসূচির আয়োজন করেন সনাতনপন্থী সংগঠনএর সদস্যরা। বেশ কয়েকজন মহিলা সেখানে চণ্ডীপাঠ করেন বলে জানা গিয়েছে। তাঁদের উপস্থিতিতে দলের দফতর সংলগ্ন এলাকার পরিবেশও বদলে যায়।
আয়োজকদের দাবি, সিপিএমকে সনাতনী সংস্কৃতির সঙ্গে পরিচিত করানোর লক্ষ্যেই এই উদ্যোগ। নাস্তিকতার রাজনীতি থেকে সিপিএমকে ধর্মীয় সংস্কৃতির দিকে টেনে আনার বার্তাও দেওয়া হয়েছে। তবে এই কর্মসূচি নিয়ে আলিমুদ্দিন স্ট্রিটের নেতাদের বিশেষ উদ্বেগ দেখা যায়নি। সিপিএমের প্রবীণ নেতা তথা প্রাক্তন বিধায়ক সুজন চক্রবর্তী বিষয়টি নিয়ে কটাক্ষ করেন। তাঁর মন্তব্য, “আমাদের অনেক কর্মী আছেন, যাঁরা ওঁদের সঠিকভাবে চণ্ডীপাঠ করাটা শিখিয়ে দিতে পারবেন।”
উল্লেখ্য, সিপিআইএম স্বাভাবিক ভাবেই বামপন্থী দল। যারা ধর্মীয় ভেদাভেদের বিরুদ্ধে কথা বলে। রাজনীতিকে ধর্ম থেকে বিযুক্ত করার দাবি করেন নেতারা। শ্রমজীবী খেটে খাওয়া মানুষের দাবি দাওয়া নিয়েই রাজনীতি করে এই দল। কিন্তু সেই নিরীশ্বরবাদী দলকে সনাতন সংস্কৃতির প্রতি আকৃষ্ট করতে এই কর্মসূচি, নাকি বাংলার নয়া বিজেপি সরকারের আমলে হিন্দুত্বের আস্ফালন দেখাতে এই পদক্ষেপ তা নিয়ে চর্চা শুরু হয়েছে।