ওঙ্কার ডেস্ক: নবান্ন-নির্বাচন কমিশন সংঘাতে নয়া মোড়। রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে দিল্লিতে ডেকে পাঠাল কমিশন। বুধবার বিকেল ৫টার মধ্যে তাঁকে কমিশনের সদর দফতর সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে। নির্বাচন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত চার আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছিল কমিশন। যদিও কমিশনের সেই কথা পুরোপুরি মানেনি রাজ্য। এই আবহে এবার মনোজ পন্থকে ডেকে পাঠাল কমিশন।
নবান্ন সূত্রের খবর, বুধবার সকালে বিমানে চেপে দিল্লি যাবেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। উল্লেখ্য, নির্বাচন সংক্রান্ত কাজে অনিয়মের অভিযোগে রাজ্যের চার সরকারি আধিকারিককে সাসপেন্ড করার কথা বলে রাজ্যকে চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন। সেই চিঠিতে নির্দেশ দেওয়া হয় দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের চার সরকারি আধিকারিককে সাসপেন্ড করার। শুধু তাই নয় সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার কথাও বলা হয়েছিল। অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশও দেওয়া হয়েছিল। এ ছাড়া বারুইপুর পূর্বের ডেটা এন্ট্রি অপারেটরের নামেও এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছিল কমিশন।
কিন্তু কমিশনের নির্দেশ পুরোপুরি মানেনি রাজ্য সরকার। পাঁচ জনের মধ্যে দু’জনের বিরুদ্ধে পদক্ষেপ করেছে নবান্ন। দুই জনকে নির্বাচন সংক্রান্ত দায়িত্ব থেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন এক আধিকারিক এবং এক ‘ডেটা এন্ট্রি অপারেটর’। দু জনের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে রিপোর্ট পাওয়ার পরে পরবর্তী পদক্ষেপ করা হবে। যদিও বাকিদের বিরুদ্ধে এখনই কোনও পদক্ষেপ করছে না রাজ্য। কমিশনকে চিঠি লিখে তা জানিয়ে দেওয়া হয়েছে।
