নিজস্ব সংবাদাদাতা: অসমের মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স সেলের এক আধিকারিকের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য। বঙ্গাইগাঁও জেলার একটি হোটেলের ঘর থেকে বৃহস্পতিবার তাঁর পচাগলা দেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম খড়্গেশ্বর রাভা। তিনি ভিজিল্যান্স সেলের ডেপুটি সুপারিনটেনডেন্ট (ডিএসপি) পদে কর্মরত ছিলেন। গত ১৮ অক্টোবর বঙ্গাইগাঁওয়ের ওই হোটেলে ওঠেন তিনি। হোটেল কর্তৃপক্ষের দাবি, দু’দিন পর থেকে তাঁকে আর নিচে নামতে দেখা যায়নি। ঘর থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করলে এক কর্মী ম্যানেজারকে জানান, ম্যানেজারই পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা খুলে পচাগলা অবস্থায় দেহ উদ্ধার করে। ঘরে পাওয়া পরিচয়পত্র থেকেই তাঁকে শনাক্ত করা হয়।
মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। বঙ্গাইগাঁওয়ের এসএসপি নুমাল মাহাতো বলেন, “ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে। প্রাথমিকভাবে মনে হচ্ছে শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে। তবে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।”
পুলিশ জানিয়েছে, তিনি কেন ওই হোটেলে উঠেছিলেন, ওই কয়েকদিনে কোথাও বেরিয়েছিলেন কি না, কেউ দেখা করতে এসেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। হোটেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, তাঁর মোবাইল ফোনের তথ্যও পরীক্ষা করা হচ্ছে। হোটেল কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।