নিজস্ব সংবাদদাতা , কলকাতা: ফের বোমাতঙ্ক কলকাতা বিমানবন্দরে। একটি প্রবেশপথে বোমা রাখা আছে বলে চিরকুট উদ্ধার ঘিরে শুক্রবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বিমানবন্দর চত্বরে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও বম্ব স্কোয়াড, চলছে তল্লাশি।
পুজোর ছুটি শেষ হওয়ায় বিমানবন্দরে এখন যাত্রীদের ভিড় বেশি। এদিন সকালে সাফাইকর্মীরা মহিলা শৌচালয়ের কাছ থেকে একটি টিস্যু পেপারে লেখা চিরকুট পান। তাতে একটি নির্দিষ্ট গেট নম্বরের উল্লেখ করে বোমা রাখার কথা লেখা ছিল। তা দেখেই আতঙ্কিত হয়ে কর্তৃপক্ষকে খবর দেন কর্মীরা। খবর পেয়েই ওই প্রবেশপথ দ্রুত খালি করে দেয় পুলিশ। বম্ব স্কোয়াড নিয়ে চিরুনি তল্লাশি শুরু হয়। বিমানবন্দরের অন্যান্য অংশেও তল্লাশি চলছে। তবে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু মেলেনি। বিমানবন্দর থানার পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে রয়েছে সিআইএসএফ জওয়ানরা।
এই ঘটনায় কারা শৌচালয়ে গিয়েছিলেন, চিরকুট পাওয়ার আগে-পরে কারা ওই এলাকায় ছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। সিসিটিভি ফুটেজও পরীক্ষা করা হচ্ছে। যাঁরা প্রথম চিরকুটটি দেখতে পান, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে, যদিও বিমান চলাচলে এখনও কোনও প্রভাব পড়েনি বলেই খবর। উল্লেখ্য, এর আগে গত ৮ অক্টোবর ইমেলে বোমা রাখার হুমকি পেয়ে তোলপাড় হয়েছিল কলকাতা বিমানবন্দর। সেবারও তল্লাশিতে কিছু মেলেনি।