নিজস্ব প্রতিনিধি, চোপড়া : বিয়ের পাকা কথা হয়েছে একমাসও হয়নি। তারমধ্যেই সব শেষ। চোপড়ায় বন্ধ ঘর থেকে উদ্ধার হল তরুণীর রহস্যজকনক ঝুলন্ত দেহ। জানা গিয়েছে, মৃতার নাম লালবানু। বয়স ২২ বছর। চোপড়ার ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের গোয়াবাড়ি গ্রামে বাসিন্দা ছিলেন তিনি। তবে মৃত্যুর নেপথ্যে কোন কারণ রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকায়।
মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, ১৭ দিন আগেই বিয়ের পাকা কথা হয়েছিল লালবানুর। তারপর থেকে সব ঠিকই ছিল। কিন্তু আচমকা আজ সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পরিবার। ইতিমধ্যেই এই ঘটনায় একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মনে। প্রশ্ন উঠছে তবে কি, বিয়েতে রাজি ছিলেন না বছর বাইশের তরুণী ? সেই হতাশা থেকেই কি চরম সিদ্ধান্ত! যদিও এই প্রশ্নের উত্তর জানেন না মৃতার বাবা বসির মোহাম্মদ।
এদিন তরুণীর ঝুলন্ত দেহ দেখার পরেই দ্রুত খবর দেওয়া হয় থানায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির পুলিশ। মৃতার দেহ নামিয়ে তা ময়নাতদন্তে পাঠানোর ব্যবস্থা করা হয়। পাশাপাশি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে শুরু হয়েছে তদন্তও।