ওঙ্কার ডেস্ক : ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়েছিল আমেরিকা। কিন্তু সেই ঘটনার তিন বছর আগেই ভারতে জঙ্গি হামলার ছক কষেছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেন! সম্প্রতি প্রকাশিত CIA-র গোপন নথিতে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
৯/১১ হামলার ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে গত ১১ সেপ্টেম্বর, CIA ১০০ পৃষ্ঠারও বেশি একটি গোপন নথি প্রকাশ করেছে। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও জর্জ ডব্লিউ বুশকে দেওয়া ৬৯টি ইন্টেলিজেন্স ব্রিফ নিয়ে এই নথি তৈরি করা হয়েছে। CIA ডিরেক্টর জন র্যাটক্লিফের নির্দেশে ৭১টি প্রেসিডেন্সিয়াল ডেইলি ব্রিফ ডিক্লাসিফাই করা হয়েছে নথিতে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ১৯৯৮ সালের ২৮ অগাস্টের একটি ব্রিফ। যার শিরোনাম ছিল -‘বিন লাদেন টেররিস্ট নেটওয়ার্ক স্টিল অ্যা থ্রেট’ (Bin Ladin Terrorist Network Still a Threat)
ওই নথির তথ্য অনুযায়ী, ওসামা বিন লাদেন মিশর, আরব উপদ্বীপ – বিশেষ করে কুয়েত, সৌদি আরব ও ইয়েমেন, ভারত, পাকিস্তান, উগান্ডা এবং সম্ভবত নাইজেরিয়া-তে ভয়াবহ হামলার ছক করেছিল।
যদিও ওই নথিতে ভারতের কোনো নির্দিষ্ট শহর বা স্থাপনাকে টার্গেট হিসাবে উল্লেখ করা হয়নি। পাশাপাশি হামলার সময় বা পরিকল্পনার বিস্তারিতও দেওয়া হয়নি।
CIA-র তথ্য অনুযায়ী, মার্কিন হামলার পরেও বিন লাদেন ও তার সহযোগীরা আফগানিস্তানে গোপন আস্তানায় টিকে ছিল। তাদের যোগাযোগ ব্যবস্থা সচল ছিল, এমনকি কিছু জঙ্গি প্রশিক্ষণ শিবিরে নতুন করে প্রশিক্ষণ দেওয়ার পর্বও শুরু হয়েছিল।
উল্লেখ্য, বিশ্বের ইতিহাসের অন্যতম ভয়াবহ সন্ত্রাসী হামলার মধ্য ৯/১১ একটি। ওইদিন মার্কিন যুক্তরাষ্ট্রের চারটি যাত্রীবাহী বিমান কব্জা করে নির্মম হত্যালীলা চালিয়েছিল আততায়ীরা। যার ফলে মৃত্যু হয়েছিল প্রায় ৩,০০০-এরও বেশি মানুষের। আর এই গোটা ঘটনাটি ঘটেছিল মাত্র কয়েক ঘন্টার মধ্যে।