গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: তৃণমূল ধরাশায়ী হওয়ার পর থেকে একের পর এক মামলায় নাম জড়িয়েছে তৃণমূলের প্রাক্তন বিধায়ক পরেশরাম দাসের। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা রুজু হয়েছে। সূত্রের খবর, এবার সেই সংক্রান্ত মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করতে তলব করেছে সিআইডি। ইতিমধ্যেই তলবের নোটিশ ঘুরছে বিভিন্ন সমাজমাধ্যমে। যেখানে ৮ সেপ্টেম্বর দুপুর ১২টায় ভবানী ভবনে সিআইডি দপ্তরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু সেই নোটিশ ভুয়ো বলে দাবি করেছেন অভিযুক্ত প্রাক্তন বিধায়ক। তাঁর দাবি, তিনি এখনও পর্যন্ত ব্যক্তিগতভাবে কোনও নোটিস পাননি।
জানা গিয়েছে, গত ২৯ মে ২০২৬ তারিখে ক্যানিং থানায় দায়ের হওয়া একটি অভিযোগের ভিত্তিতে ২৪৩/২৬ নম্বর ধারায় পরেশরামের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। ওই মামলায় ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারার পাশাপাশি অস্ত্র আইনের ২৫ ও ২৭ ধারা এবং ৩/৪ ES আইনের ধারাতেও মামলা রুজু হয় বলে জানা গিয়েছে।
সেই মামলার সূত্র ধরেই প্রাক্তন বিধায়ক পরেশরাম দাসকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডির দপ্তরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে নোটিসে উল্লেখ রয়েছে। তবে এখানেই তৈরি হয়েছে ধোঁয়াশা। বিভিন্ন সূত্র মারফত নোটিশের ছবি সামনে এলেও, তা স্বীকার করতে নারাজ পরেশরাম। তাঁর দাবি, তিনি কিছুই জানেই যান। তাঁর কাছে কোনও নোটিশ আসেনি বলেও দাবি করেছেন তিনি। তবে কী গোটা বিষয়টি লুকিয়ে চলার চেষ্টা করছেন প্রাক্তন বিধায়ক? এমনই প্রশ্ন তুলছেন কেউ কেউ। ফলে আগামীকাল এই ‘লুকোচুরি’র জল কতদূর এগোয়, তার দিকেই নজর থাকবে।