ওঙ্কার ডেস্ক: দিল্লির চাণক্যপুরীর কাছে মেসবাড়ি ধসে ছ’জন পড়ুয়ার মৃত্যুর ঘটনায় মোদী সরকারকে নিশানা করলেন ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে। সরকারের জবাবদিহি চেয়ে সিজেপির প্রধান সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তোপ দেগেছেন। তাঁর অভিযোগ, দেশের বিভিন্ন জায়গায় বিজেপি বড় বড় পার্টি অফিস নির্মাণ করছে, কিন্তু পড়ুয়াদের নিরাপত্তার দিকে নজর দেওয়া হচ্ছে না।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের কাছে ছ’তলা মেসবাড়ি রবিবার বেলা দেড়টা নাগাদ ভেঙে পড়ে। এই ঘটনায় ছ’জনের মৃত্যু হয়েছে। এখনও ধ্বংসস্তূপের মধ্যে অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনায় জখম ১১ জনকে দিল্লি এমস হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। ঘটনার পর রবিবারই সিজেপি-র প্রতিনিধিদল চাণক্যপুরীর ওই ভেঙে পড়া মেসবাড়িতে গিয়েছিলেন। সংগঠনের সহকারী ইন-চার্জ দীপক বালিয়ানের নেতৃত্বে প্রতিনিধিদল উদ্ধারকাজে হাত লাগান। সমাজ মাধ্যমে অভিজিৎ দীপকে লিখেছেন, ‘পড়ুয়াদের আর কত দিন পরিকাঠামোগত ব্যর্থতার মূল্য চোকাতে হবে? প্রত্যন্ত এলাকায় আদিবাসী ছাত্রছাত্রীরা উপযুক্ত সহায়তার অভাবে যেমন মারা যাচ্ছে, তেমন খাস রাজধানীতেও ছাত্রছাত্রীরা নিরাপদ নয়।’
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন শ্রীরাম কলেজ অফ কর্মাসের একটি অনুষ্ঠানে পংশ নিয়েছিলেন। ‘দিমাগি নকশাল’ শব্দবন্ধ ব্যবহার করেছিলেন মোদী। সেই প্রসঙ্গের উল্লেখ করে দীপকে প্রশ্ন তোলেন, এলাকার শিক্ষা পরিকাঠামোর দশা নিয়ে কেন তিনি কোনও শব্দ খরচ করলেন না?