ওঙ্কার ডেস্ক: স্বঘোষিত গোরক্ষক স্বতন্ত্র ভরদ্বাজের গ্রেফতারির দাবিতে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানা ঘেরাও করল ককরোচ জনতা পার্টি। নিট ইউজি প্রশ্নফাঁস কাণ্ডে গত জুলাইয়ে যে বিক্ষোভ হয়েছিল, সেই সময় যন্তর মন্তরে এক ককরোচ সদস্যের বাবার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। স্বতন্ত্র ভরদ্বাজ সেই আক্রমণ করে বলে সিজেপির দাবি। সম্প্রতি এক পডকাস্টে অভিযুক্ত নিজের কৃতকর্মের কথা স্বীকার করে নেওয়ায় তাঁকে গ্রেফতারের দাবিতে আরও সুর চড়িয়েছে সিজেপি।
স্বতন্ত্রকে দ্রুত গ্রেফতার করতে হবে, এই দাবি তুলে শুক্রবার থানা ঘেরাও করে ককরোচ জনতা পার্টির নেতৃত্ব। বিক্ষোভে সামিল হন কংগ্রেস ও একাধিক রাজনৈতিক দলের নেতা। সিজেপির আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাস পার্লামেন্ট স্ট্রিট থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন। স্বতন্ত্রকে গ্রেফতারেরত জোরালো দাবি জানান তাঁরা। যদিও দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, স্বতন্ত্র যে পডকাস্টে নিজের অপরাধের কথা স্বীকার করেছে, সেটি তদন্তের আওতায় আনা হবে। ককরোচদের আইনজীবীর দাবি, ৭২ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হবে বলে পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়েছে। গ্রেফতারির দাবি উঠলেও স্বতন্ত্র নিজের অবস্থানে অনড়। তাঁর বক্তব্য, ‘আত্মরক্ষার স্বার্থেই হামলা চালিয়েছি। আগামী দিনেও এমন পরিস্থিতি হলে আবারও আক্রমণ করব।’
নিট ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এবং শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবিতে পথে নেমেছিল ককরোচ জনতা পার্টি। সংসদ অভিযান করেছিল সংগঠনটি। জেনজিদের বিরোধিতায় চাপে পড়ে মোদী সরকার পিছু হটে। পদত্যাগ করেন ধর্মেন্দ্র। তার পরে আন্দোলন তুলে নেয় সিজেপি। সেই প্রতিবাদ বিক্ষোভের সময় ককরোচ সদস্যের বাবাকে মারধর করা হয় বলে অভিযোগ।