স্পোর্টস ডেস্ক : মহিলা এশিয়া কাপ ক্রিকেটে হংকংকে ১৩৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। ওপেনার স্মৃতি মন্ধানার বিধ্বংসী সেঞ্চুরির (৬৪ বলে ১২৪) সৌজন্যে গ্রুপ এ-র দ্বিতীয় ম্যাচে এই বড় জয় পেল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে ভারত ১৯৪ রানের টার্গেট দিয়েছিল। জবাবে হংকং মাত্র ৫৬ রানে অলআউট হয়ে যায়।স্মৃতির ইনিংসে ছিল ১৪টা চার আর ৭টা ছক্কা। এই পারফরম্যান্সের ফলে, স্মৃতি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক নতুন ইতিহাস তৈরি করলেন। তিনিই বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার যিনি টানা চারটি ক্যালেন্ডার বছরে ৫০০-র বেশি রান করলেন।
২০২৬ সালে এখনও পর্যন্ত ১৬টা ম্যাচ খেলে তিনি ৫৭৯ রান করেছেন। এর আগে ২০১৮ (৬২২ রান), ২০২২ (৫৯৪ রান) এবং ২০২৪ (৭৬৩ রান) সালেও তিনি ৫০০-র গণ্ডি পেরিয়েছিলেন। চামারি আতাপাত্তু, লরা উলভার্ট, ইশা ওজা এবং শেফালি ভার্মা তিন বছর ধরে এই কীর্তি গড়লেও, টানা চার বছর এই রেকর্ড একমাত্র স্মৃতিরই।
তবে, মহিলা টি-টোয়েন্টিতে এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটি কিন্তু হংকংয়ের নাতাশা মাইলসের দখলে। ভারতের বিরুদ্ধে ২৭ বলে ১৫ রান করা নাতাশা ২০২৬ সালে ২৬টি ম্যাচ খেলে ৭৯৯ রান করেছেন। এই তালিকায় তাঁর পরেই আছেন সংযুক্ত আরব আমিরশাহির ইশা ওজা (২০২৫ সালে ৭৭৯ রান) এবং হংকংয়ের ইয়াসমিন দাসওয়ানি (২০২৬ সালে ৭৬৬ রান)। মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে এখন সবচেয়ে বেশি রানের মালকিন ভারতীয় দলের সহ-অধিনায়ক। তিনি টপকে গিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজকে। আন্তর্জাতিক ক্রিকেটে মিতালি করেছেন ১০৮৬৮ রান। হংকংয়ের বিরুদ্ধে শতরানের ইনিংসের পর মন্ধানার রান ১০৮৮০।
একটি ইনিংসে এতগুলি নজির গড়লেও কোনওটাই জানতেন না মন্ধানা। নজির গড়ার পর তিনি বলেছেন, ‘‘আমি জানতামই না এতগুলো নজির গড়ে ফেলেছি। পরে জানলাম। ইনিংসটা সহজ ছিল না। বিশেষ করে মন্থর গতির বোলারদের বিরুদ্ধে ব্যাট করতে সমস্যা হয়েছে। হংকংয়ের বোলারদের কৃতিত্ব দিতে হবে। ওরা বেশ ভাল বল করেছে। পাওয়ার প্লে-তে শৃঙ্খলা বজায় রেখে বল করেছে। তবে ব্যাটিং উপভোগ করেছি। দলের জয়ে অবদান রাখতে পেরেছি। এটাই বেশি আনন্দ দিচ্ছে।’’