ওঙ্কার ডেস্ক: রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সাহায্য করতে ভারতীয় সংস্থাকে গোলা তৈরির বরাত দিয়েছিল এস্তোনিয়া। কিন্তু ৭৬৯ কোটি টাকার সেই প্রতিরক্ষা চুক্তিতে গরমিলের কারণে পদত্যাগ করলেন এস্তোনিয়ার প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী হ্যান্নো পেভকুর।
রিপোর্ট অনুসারে, এস্তোনিয়া যে গোলার বরাত দিয়েছিল ভারতীয় সংস্থাকে তার খরচ জুগিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন। অভিযোগ, ভারতীয় ওই সংস্থার এই সংক্রান্ত কাজের কোনও অভিজ্ঞতাই ছিল না। তাই কয়েক দফায় ৭৬৮.৫০ কোটি টাকা মেটানো হলেও যতগুলি গোলা দেওয়ার কথা ছিল তা হাতে পায়নি এস্তোনিয়া সরকার। পরে কিছু গোলা পাঠানো হয়, যদিও সেগুলির গুণগত মান ভালো ছিল না।
এস্তোনিয়ার ন্যাশনাল অডিট অফিস তদন্ত শুরু করলে জানা যায় গরমিলের বিষয়টি। গোটা ঘটনায় শোরগোল তৈরি হলে বুধবার পদত্যাগ করেন হ্যান্নো পেভকুর। সমাজমাধ্যমে একটি পোস্ট করে তিনি জানান, এই বিতর্কের জন্য সমস্ত দায় তিনি মাথা পেতে নিচ্ছেন। আর সেই কারণে মন্ত্রিত্ব ছাড়ছেন। উল্লেখ্য, ২০২২ সাল থেকে এস্তোনিয়ার প্রতিরক্ষা দফতরের দায়িত্বে ছিলেন হ্যান্নো। এস্তোনিয়ার প্রতিরক্ষা দফতরের আওতায় রয়েছে ‘সেন্টার ফর ডিফেন্স ইনভেস্টমেন্টস।’ ইতালির সংস্থা ‘ডেটাসেল এসআরএল’-এর সঙ্গে অস্ত্র সরবরাহের চুক্তি করেছিল ওই সংস্থাটি। ওই বছরেই ডেটাসেল কিনে নেয় ভারতীয় সংস্থা। ‘নেকো ডিফেন্স মিউনিশনস’ নামের ভারতীয় ওই সংস্থাকে গোলার বরাত দিয়ে দফায় দফায় টাকা দেওয়া হয়। কিন্তু অভিযোগ নির্ধারিত সময়ে তা জোগান দিতে পারেনি। ২০২৫ সালে গোলা পাঠানো হলেও সেগুলির মান খুবই খারাপ ছিল।