ওঙ্কার ডেস্কঃ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯ তম জন্মজয়ন্তী উদযাপন। এই প্রথম রাজ্য সরকার কলেজ স্ট্রিটে বঙ্কিমচন্দ্রের এই বাড়িতে কোনও অনুষ্ঠান পালন করছে বলে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে বাংলায় জাতীয় মানের বন্দে মাতরম মিউজিয়াম তৈরি হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
তথ্য ও সংস্কৃতি দফতর এবং কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে কলেজ স্ট্রিটে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনে তাঁর ১৮৯ তম জন্মজয়ন্তী পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বঙ্কিমচন্দ্রের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন। শুভেন্দু জানান, এই প্রথমবার রাজ্য সরকার কলেজ স্ট্রিটে বঙ্কিমচন্দ্রের এই বাড়িতে কোনও অনুষ্ঠান পালন করছে। এরপর তৃণমূলের বিরুদ্ধে সরব হন তিনি। বলেন, “বঙ্কিমচন্দ্রের স্মৃতি বিজরিত বাড়িতে কোনও চোর, ডাকাত, লম্পট, চিটিংবাজদের সম্পর্কে আলোচনা না করাই ভালো। এর জন্য অন্য জায়গা আছে।”
দেশজুড়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উদযাপন চলছে। এই আবহে আজ কলেজ স্ট্রিটে সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তী উদযাপন করা হল। এই অনুষ্ঠান থেকে শুভেন্দু জানান, রাজ্যে একটি বড়, জাতীয় মানের বন্দে মাতরম মিউজিয়াম তৈরি করা হবে। বাজেটে এর জন্য অর্থ বরাদ্দ হয়েছে।