ওঙ্কার ডেস্ক: ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের ওপর শুল্ক আগামী ১ আগস্ট থেকে কার্যকর করার কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় পণ্যে যাতে ২৬ শতাংশ শুল্ক না চাপানো হয় হোয়াইট হাউসের তরফে, তার জন্য ট্রাম্প প্রশাসনের সঙ্গে নয়াদিল্লি একটি চুক্তিতে পৌঁছতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করলেন ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলেন আগামী ১ আগস্টের আগে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে পারবে।
সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে ভারতের বিদেশমন্ত্রী বলেন, ‘আমার বন্ধু এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সহকর্মীর সঙ্গে আমার কিছু চমৎকার আলোচনা হয়েছে।’ মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারকে ‘খুব প্রিয় বন্ধু’ বলে অভিহিত করেছেন তিনি। পীযুষ গোয়েল জোর দিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কে বা বর্তমান বাণিজ্য আলোচনায় কোনও বাধা নেই।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় এসে বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে বাড়তি শুল্ক চাপিয়েছেন। যে বিষয়টিকে বাণিজ্য যুদ্ধ হিসেবে দেখা হয়েছিল। যদিও তার পরে ৯০ দিনের জন্য সেই শুল্ক আরোপ স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও সম্প্রতি আবার ওয়াশিংটনের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়, রাশিয়া থেকে যে দেশ তেল কিনবে তাদের পণ্যে শুল্ক চাপানোর। রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম বলেছিলেন, ‘রাশিয়া থেকে পণ্য কিনলে মার্কিন যুক্তরাষ্ট্রে আসা সেই দেশের পণ্যের উপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।’ ভারত ও চিনকে নিশানা করে তাঁর মন্তব্য, ‘রাশিয়া থেকে ভারত এবং চিন ৭০ শতাংশ তেল কেনে। তারা ভ্লাদিমির পুতিনের যুদ্ধকে চালিয়ে নিয়ে যেতে সহায়তা করছে।’
