ওঙ্কার ডেস্ক: মাছ-মাংস, ফ্রিজে নেই। বর মশাই ডিমের নাম শুনে নাক শিটকোচ্ছেন। বানিয়ে ফেলুন একেবারে অন্যরকম স্বাদের ডিম ভাপা। অল্প কিছু উপকরণে তৈরি এই রেসিপিটি যেমন সহজ, তেমনই খেতে দুর্দান্ত। গরম ভাত, পোলাও কিংবা রুটির সঙ্গে পরিবেশন করলে মুহূর্তেই জমে যাবে দুপুর বা রাতের খাবার।
উপকরণ
ডিম – ৪টি
পেঁয়াজ কুচি – ১টি মাঝারি
কাঁচা মরিচ কুচি – ৩–৪টি
টমেটো কুচি – ১টি ছোট
সর্ষের তেল – ২ টেবিল চামচ
সর্ষে বাটা – ১ টেবিল চামচ
পোস্ত বাটা – ১ টেবিল চামচ
নারকেল কোরানো – ১ টেবিল চামচ
হলুদ গুঁড়ো – ½ চা চামচ
লঙ্কার গুঁড়ো – ½ চা চামচ
লবণ – স্বাদমতো
ধনেপাতা কুচি – সামান্য
প্রণালী
প্রথমে একটি বড়পাত্রে ডিমগুলো ভেঙে নিন। এর মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা মরিচ, সর্ষে বাটা, পোস্ত বাটা ও নারকেল কোরানো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার হলুদ, লঙ্কার গুঁড়ো ও স্বাদমতো লবণ দিয়ে আবার মিশিয়ে নিন।
এরপর সর্ষের তেল দিয়ে মিশ্রণটি ভালোভাবে নেড়ে নিন। সর্ষের তেলের ঝাঁঝ আর সর্ষে-পোস্তের স্বাদই এই ডিম ভাপার আসল আকর্ষণ। চাইলে স্বাদ আরও বাড়াতে সামান্য ধনেপাতা কুচিও মেশাতে পারেন।
এবার একটি স্টিলের টিফিন বাটি বা ঢাকনাযুক্ত স্টিলের পাত্রে সামান্য তেল মাখিয়ে ডিমের মিশ্রণটি ঢেলে দিন। পাত্রটি ঢেকে একটি ভাপে বসানোর পাত্রে রাখুন। নিচে জল দিয়ে ঢাকনা বন্ধ করে মাঝারি আঁচে প্রায় ১৫–২০ মিনিট ভাপিয়ে নিন। ডিম জমে গেলে একটি ছুরি বা কাঠি ঢুকিয়ে দেখে নিন—পরিষ্কার বেরিয়ে এলে বুঝবেন ডিম ভাপা একেবারে তৈরি। নামিয়ে ওপর থেকে সামান্য সর্ষের তেল ও ধনেপাতা ছড়িয়ে দিন। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। কখন যে এক থালা ভাত উঠে যাবে টেরই পাবেন না।