ওঙ্কার ডেস্ক: জন্মদিনে স্কুটারে চড়া নিয়ে ঝামেলার জের, মাঝ রাস্তায় স্ত্রীকে গুলি করে খুন করলেন এক পুলিশকর্মী। সোমবার ভোরে ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির কল্যাণপুরী এলাকায়। অভিযুক্ত পুলিশকর্মী দিল্লি পুলিশে কর্মরত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত মহিলার নাম প্রিয়াঙ্কা, ২৬ বছর বয়স তাঁর। পেশায় তিনি একজন শিক্ষিকা ছিলেন। সোমবার ছিল প্রিয়াঙ্কার জন্মদিন। তাঁর স্বামী মনীশ ভাটি কনস্টেবল হিসেবে দিল্লি পুলিশে কর্মরত।রাস্তার মাঝখানে সোমবার ভোরর পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। তদন্তে জানা গিয়েছে কল্যাণপুরী এলাকায় ওই দম্পতি স্কুটারে চড়ে যাচ্ছিলেন, সেই সময় তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। মণীশ ভাটি স্কুটারটি থামিয়ে নেমে যান। দুজনের মধ্যে বচসা চলাকালীন মণীশ স্ত্রীকে গুলি করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এর পর তাঁকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যান। রাস্তার পাশে মহিলার দেহ দেখে এক পথচারী স্থানীয়দের জানান। পেশায় ডেলিভারি কর্মী ওই পথচারী, মহিলাকে দ্রুত তুলে নিয়ে পূর্ব দিল্লির লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালে নিয়ে যান। তবে, চিকিৎসাধীন অবস্থায় মহিলার মৃত্যু হয়।
পুলিশের এক আধিকারিক জানান, মনীশ ভাটি সম্প্রতি পূর্ব দিল্লির অ্যান্টি-অটো থেফট স্কোয়াডে দায়িত্ব পান।ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্তকে খুঁজে বের করে গ্রেফতারবর জন্য তল্লাশি অভিযান চলছে।