ওঙ্কার ডেস্ক: চলতি বছরে জনগণনায় নাগরিকরা নিজেরাই নিজেদের বিষয়ে তথ্য সরকারি পোর্টালে নথিভুক্ত করতে পারবেন। দেশে এই প্রথম ডিজিটাল পদ্ধতিতে জনগণনা শুরু হতে চলেছে। সেলফ এনুমারেশন বা স্ব-শুমারির এই প্রক্রিয়ায় নাগরিকরা নিজেদের তথ্য নিজেরাই নথিভুক্ত করতে পারবেন। https://se.census.gov.in ওয়েবসাইটে গিয়ে লগ ইঙ্করে নিজেদের বিষয়ে বিবরণ নথিভুক্ত করতে হবে।
প্রশাসনিক সূত্রে খবর, আগামী ১ থেকে ১৫ অগস্ট পর্যন্ত প্রথম ১৫ দিন স্ব-শুমারির জন্য নির্ধারণ করা হয়েছে। এই সময় পর্বে নাগরিকেরা অনলাইনে বিবরণ নথিভুক্ত করতে পারবেন। সংশ্লিষ্ট পোর্টালে লগ ইন করার পর প্রথম বাছাই করে নিতে হবে নিজের রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলকে। রাজ্য ‘সিলেক্ট’ করার পর দিতে হবে ক্যাপচা। এর পর পরিবার প্রধানের নাম দিতে হবে। দিতে হবে মোবাইল নম্বর এবং ইমেল আইডি। যদিও ইমেল আইডি দেওয়া বাধ্যতামূলক নয়, এটি ঐচ্ছিক। তৃতীয় ধাপে ভাষা নির্বাচন করতে হবে। ভাষায় ‘ক্লিক’ করার পর ওটিপি আসবে মোবাইল নম্বরে।
ভাষা নির্বাচনের পরের ধাপে জেলা, পিন নম্বর, গ্রাম/শহর/এলাকার নাম দিতে হবে। সেটি সম্পন্ন হলে একটি মানচিত্র দেখাবে। যেখান থেকে নিজের বাড়ির অবস্থান দেখাতে হবে। এর পরের ধাপে রয়েছে হাউসলিস্টিংয়ের বিষয়। সেটি দেওয়ার পর ‘প্রিভিউ স্ক্রিন’-এ ক্লিক করলে পূর্ববর্তী প্রদান করা তথ্যগুলি দেখাবে। সঠিক বিবরণ দেওয়া হয়েছে কিনা সেগুলি মিলিয়ে দেখতে হবে। এর পর শেষ ধাপে রয়েছে— ‘ফাইনাল সাবমিট’। সেখানে ক্লিক করলে একটি স্বতন্ত্র নম্বর যাবে মোবাইল নম্বরে। এগারো অঙ্কের সেই সংখ্যাটি দিলে তথ্য যাচাই সম্পন্ন হবে।