নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: হোটেলের রান্নাঘরে স্তূপ করে রাখা বাসি, পচা খাবার। কোথাও চিকেনে ছত্রাক, কোথাও পনিরে ফাঙ্গাস। এমনকি মানুষের খাবার রাখার ফ্রিজেই মিলল কুকুরের খাবার! মুচিপাড়ার একাধিক হোটেলে খাদ্য সুরক্ষা দপ্তর, দুর্গাপুর নগর নিগম ও পুলিশের যৌথ অভিযানে উঠে এল এমনই ছবি।
অভিযানে গিয়ে আধিকারিকরা দেখেন, রান্নাঘরে বহুদিনের পুরনো মশলা, বাসি ভাত, বাসি তরকারি, চানা মশলা সহ নানা খাবার মজুত করে রাখা হয়েছে। বেশিরভাগ খাবারেই ছত্রাক ধরে গিয়েছে। এই খাবারই গ্রাহকদের পরিবেশন করা হচ্ছিল কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছে।
খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযোগ, হোটেলগুলিতে দীর্ঘদিন ধরে খাবার মজুত থাকলেও কোনও প্যাকেটে উৎপাদনের তারিখ বা ট্যাগ ছিল না। কোন খাবার কবে তৈরি হয়েছে, কতদিন ধরে রাখা হয়েছে, তার কোনও হিসাবও নেই। এই ধরনের খাবার খেলে শিশু থেকে বড়, যে কেউ গুরুতর অসুস্থ হতে পারেন।
সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়, মানুষের খাবারের সঙ্গেই একই ফ্রিজে রাখা ছিল কুকুরের খাবার। বিষয়টি নজরে আসতেই হোটেল ম্যানেজারদের কড়া ভাবে ধমক দেন আধিকারিকরা। স্বাস্থ্যবিধি মেনে খাবার সংরক্ষণের নির্দেশ দেওয়া হয় এবং কুকুরের খাবার আলাদা জায়গায় রাখতে বলা হয়।
খাদ্য সুরক্ষা দপ্তরের দুর্গাপুরের আধিকারিক শুভম ঘোষ জানান, অভিযানে প্রচুর বাসি ও পচা খাবার উদ্ধার হয়েছে। মানুষের খাবারের সঙ্গে কুকুরের খাবার রাখার বিষয়টি ধরা পড়েছে। হোটেলগুলিকে জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে একই অনিয়ম হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।