ওঙ্কার ডেস্ক: ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের আবহে হরমুজ প্রণালীতে কি মাইন পুঁতেছে ইরান? আন্তর্জাতিক রাজনৈতিক মহলে এই জল্পনা তৈরি হওয়ার পর তেহরানকে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি, তাঁর কাছে হরমুজ প্রণালীতে মাইন পোঁতার কোনও খবর নেই। তবে ইরান যদি এমনটা করে রাহলে পতিণতি খুব খারাপ হবে।
নিজের মালিকানাধীন সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, যদি ইরান মাইন পোঁতার মতো কোনও পদক্ষেপ করে তবে তাদেরকে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। যা তারা আগে কখনও দেখেনি। ট্রাম্প লিখেছেন, ‘হরমুজ প্রণালীতে ইরান যদি কোনও মাইন পুঁতে থাকে, অবিলম্বে তা সরিয়ে নিক! যদি কোনও কারণে মাইন পুঁতে রাখা হয়, তবে ইরানের সামরিক পরিণতি এমন পর্যায়ে যাবে, যা তারা কল্পনাও করেনি।’
উল্লেখ্য সম্প্রতি সংবাদমাধ্যম সিএনএন-এর এক রিপোর্টে দাবি করা হয়, হরমুজ প্রণালীতে মাইন পোঁতা হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থার দুই আধিকারিককে উদ্ধৃত করে বলা হয়, হরমুজ প্রণালীতে কয়েক ডজন মাইন পোঁতা হয়েছে। যদিও ওই রিপোর্টে মাইন কারা পুঁতেছে তা স্পষ্ট করা হতনি। এর নেপথ্যে ইরানের ভূমিকা রয়েছে কি না, তাও খোলসা করা হয়নি। মাইন পুঁতে রাখার বিষয়টি নিয়ে চর্চা শুরু হতেই ইরানকে সতর্ক করলেন ট্রাম্প। যদিও এই বিষয়টি নিয়ে তেহরানের তরফে কোনও প্রক্রিয়া জানানো হয়নি।
