ওঙ্কার ডেস্ক: যুযুধান দুই পক্ষ ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি সমঝোতা হয়েও ফের নতুন করে সংঘাত শুরু হয়েছে। এই আবহে প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুনের ছক কষেছিল তেহরান। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক রিপোর্টে এই দাবি করা হয়েছে।
ট্রাম্পকে যে খুনের ছক কষা হচ্ছে এ বিষয়ে ইজরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ জানতে পারে। আর তার পর তারা সতর্কবার্তা পাঠায় মার্কিন সিক্রেট সার্ভিসকে। রিপোর্টে বলা হয়েছে, যুদ্ধবিরতি সংক্রান্ত সমঝোতা ভেস্তে যাওয়ার পরে মার্কিন প্রেসিডেন্টকে খুনের পরিকল্পনা করছে তেহরান। প্রসঙ্গত, বৃহস্পতিবার তুরস্কে নেটো শীর্ষবৈঠকে যোগ দিয়েছিলেন ট্রাম্প। সেই বৈঠক শেষে মার্কিন মুলুকে ফেরার পর ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের লক্ষ্যবস্তুতে রয়েছেন তিনি। তুরস্কের বৈঠকে যোগ দিতে ‘এয়ার ফোর্স ওয়ান’ ব্যবহার করলেও দেশে ফিরেছিলেন অন্য একটি বিমানে। ট্রাম্প তাঁর সফরসঙ্গী সাংবাদিকদের বলেছিলেন, ‘আপনারা সম্ভবত একটি বিপজ্জনক বিমানে রয়েছেন। ইরানিরা খুব বাজে লোক… ওদের তালিকায় একেবারে প্রথমেই রয়েছি আমি। আমার যদি কিছু হয়, তবে আপনাদেরও একই অবস্থা হবে।’
উল্লেখ্য, বুধবার রাতে ট্রাম্প নতুন করে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের কথা ঘোষণা করেন। তার পর থেকে তেহরানের বিভিন্ন জায়গায় এখনও পর্যন্ত দুশো হামলা চালিয়েছে ট্রাম্প বাহিনী। তার পালটা হিসেবে পশ্চিম এশিয়ায় মোতায়েন থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করেও হামলা চালিয়েছে ইরান।