ওঙ্কার ডেস্ক: শুল্ক নিয়ে আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলতে চান কি না, এই প্রশ্নের স্পষ্ট জবাব দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিয়ো লুলা দ্য সিলভা। তাঁর সাফ কথা, ‘মার্কিন প্রেসিডেন্টকে ফোন করার প্রশ্নই ওঠে না।’
উল্লেখ্য, দ্বিতীয়বার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর বিভিন্ন দেশের পণ্যের উপর শুল্ক চাপিয়ে কার্যত বাণিজ্য যুদ্ধের সূচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। ব্রাজিল থেকে মার্কিন মুলুকে রফতানি হওয়া পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন ট্রাম্প। তার পর থেকেই দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েন চলছে। এই আবহে ট্রাম্প দাবি করেছিলেন, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার কাছ থেকে তিনি ফোন পাবেন। আর সে বিষয়ে লুলাকে জিজ্ঞাসা করলে তিনি জানান, ফোন করার কোনও পরিকল্পনা নেই।
লুলা বলেন, ‘আমি মোটেও ট্রাম্পকে ফোন করে কথা বলব না। কারণ, তিনি আলোচনায় রাজি নন।’ ব্রাজিলের পণ্যের উপর যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন, তা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ‘সবচেয়ে দুঃখজনক’ বিষয় বলে উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি তাঁর আরও সংযোজন, বরং শুল্ক প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিঙের সঙ্গে ফোনে কথা বলতে চান তিনি। ব্রিকস গোষ্ঠীর সদস্য ভারত, চিন, ব্রাজিল। গত ২২ এপ্রিল জম্মুকাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটে যাওয়া নারকীয় জঙ্গি হামলার বিরুদ্ধে সম্মেলন থেকে বিবৃতি দেওয়া হয়েছিল। এই ব্রিকস গোষ্ঠীকেও হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। তিনি জানিয়েছিলেন যারা মার্কিন বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকবে সেই দেশগুলির উপর বাড়তি শুল্ক চাপানো হবে।
