ওঙ্কার ডেস্ক: জোড়া ভূমিকম্পের ফলে তছনছ হয়ে গিয়েছে ভেনেজুয়েলার বিস্তীর্ণ অঞ্চল। দক্ষিণ আমেরিকার এই দেশে কম্পন সৃষ্টি হলেও এর প্রভাব পড়েছে ভারতে। ভারতের জ্বালানি ক্ষেত্রে ভেনেজুয়েলার ভূমিকম্পের ব্যাপক প্রভাব পড়তে চলেছে বলে মত বাজার পর্যবেক্ষকদের। বিশেষজ্ঞদের মতে, এই বিপর্যয়ের ফলে জাহাজ চলাচলে দেরি, বন্দরে অচলাবস্থা এবং বীমার খরচ বেড়ে যেতে পারে।
২৪ জুন ভেনেজুয়েলায় কয়েক সেকেন্ডের ব্যবধানে পরপর দু বার ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। গত ১২৫ বছরেরও বেশি সময়ের মধ্যে সে দেশে এটি সবচেয়ে শক্তিশালী কম্পন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে কয়েকশ মানুষের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। ভূমিকম্পের পরে আফটারশক বা পরবর্তী কম্পনের ফলে এখনও ভেনেজুয়েলার বিভিন্ন অঞ্চলে কম্পন অনুভূত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে ভারতের জ্বালানি খাতে এই ভূমিকম্প সুদূরপ্রসারী প্রভাব ফেলতে চলেছে। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার কারণে তেল সরবরাহ স্বাভাবিক ছিল না। এই পরিস্থিতিতে মাত্র কয়েক দিন আগেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যার ফলে হরমুজ প্রণালীতে তৈরি হওয়া অচলাবস্থা কেটে যেতে পারে বলে আশা তৈরি হয়েছিল। তার মাঝে আবার ভেনেজুয়েলায় বিপর্যয় গোটা পরিস্থিতি জটিল করে দিতে চলেছে বলে মত বাজার পর্যবেক্ষকদের।
ইডিএমই ইন্স্যুরেন্স ব্রোকারস লিমিটেড-এর কর্তা কুনাল খান্নার মতে, ভারতীয় শোধনাগারগুলোর জন্য অপরিশোধিত তেলের একটি প্রধান উৎস হিসেবে ভেনেজুয়েলা অতি সম্প্রতি জায়গা করে নিয়েছে। তাই দেশটির রফতানি কাঠামোয় যে কোনও ধরনের ব্যাঘাত কেবল তাদের সীমানার মধ্যেই আবদ্ধ থাকবে না, বরং তা আরও অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। তাঁর কথায়, ‘ভারতের ঝুঁকি বাড়ছে কারণ খুব অল্প সময়ের মধ্যেই ভেনেজুয়েলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরবরাহকারী দেশে পরিণত হয়েছে।’