ওঙ্কার ডেস্ক: এসআইআর এ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের নিয়ে সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে যান পশ্চিমবঙ্গের মুয়খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দিল্লির নির্বাচন সদন থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বৈঠকে অপমান করা হয়েছে। সোমবার রাজধানী শহরে দাঁড়িয়ে কমিশনের বিরুদ্ধে আক্রমণ তীব্র করেছেন তিনি।
এদিন তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর নির্বাচন কমিশনের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দেখা করেছেন জ্ঞানেশ কুমারের সঙ্গে। পশ্চিমবঙ্গের স্পেশাল ইনটেনসিভ রিভিশন নিয়ে কিছু প্রশ্ন ছিল তাঁদের, সেগুলিই বৈঠকে তুলে ধরেছে ওই প্রতিনিধিদল। তবে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সব প্রশ্নেরই জবাব দিয়েছেন। নির্বাচন কমিশনের তরফে আরও জানানো হয়, কেউ আইন নিজের হাতে তুলে নিলে কমিশনের হাতে থাকা আইনগত ক্ষমতা ও সংবিধান অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সোমবার মমতার সঙ্গে ছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
কমিশনের দাবি, তৃণমূলের জনপ্রতিনিধিরা মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আপত্তিজনক ভাষা ব্যবহার করেছেন। তাঁরা মুখ্য কমিশনারকে অশালীন ভাষায় হুমকি দিয়েছেন। পশ্চিমবঙ্গের ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের প্রসঙ্গও তুলেছে নির্বাচন কমিশন। সম্প্রতি তৃণমূলের ওই বিধায়কের বিরুদ্ধে বিডিও অফিসে ঢুকে ভাঙচুরের অভিযোগ ওঠে। প্রকাশ্য সভা থেকে কমিশনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন।
