ওঙ্কার ডেস্ক: নির্বাচনী প্রচার মাঠে ময়দানে আর থেমে নেই, বর্তমান সময়ে রাজনৈতিক দলগুলি মানুষের কাছে পৌঁছতে সমাজ মাধ্যমকেও ব্যবহার করছে। তবে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময়ে ভুয়ো তথ্য ছড়িয়ে পড়ার অভিযোগও আছে। এই আবহে ভুয়ো বা অপতথ্য ছড়ানো রুখতে সক্রিয় হল নির্বাচন কমিশন। আসন্ন বিধানসভা নির্বাচনে যাঁরা প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন, সেই সমস্ত প্রার্থীদের জানাতে হবে সমাজ মাধ্যমে তাঁদের কতগুলি অ্যাকাউন্ট রয়েছে।
শুক্রবার নির্দেশিকা জারি করে কমিশন জানিয়েছে প্রার্থীদের সমাজ মাধ্যম অ্যাকাউন্টের বিস্তারিত বর্ণনা দিতে হবে। হলফনামায় জানাতে হবে, সমাজ মাধ্যমে কার কতগুলি স্বীকৃতি অ্যাকাউন্ট রয়েছে, কোন কোন প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট রয়েছে তাও জানাতে হবে।পাশাপাশি রাজনৈতিক দলগুলির প্রচার সংক্রান্ত বিজ্ঞাপনেও কড়াকড়ি করা হচ্ছে। কমিশনের তরফে জানানো হয়েছে, বিজ্ঞাপন দেওয়ার জন্য আগে সংশ্লিষ্ট কমিটির কাছ থেকে অনুমোদন নিতে হবে। কোনও ভাবেই অনুমোদন ছাড়া সমাজ মাধ্যম বা ইন্টারনেটে কোথাও বিজ্ঞাপন দেওয়া যাবে না। যদি অমান্য করা হয় তা হলে তা নিয়মভঙ্গ হিসাবে ধরা হবে। সেই সঙ্গে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।
মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটির (এমসিএমসি) অনুমোদন নিতে হবে রাজনৈতিক বিজ্ঞাপনের জন্য। দল বা প্রার্থী বা সংগঠনকে এই অনুমতি নিতে হবে। সমাজমাধ্যমে বিজ্ঞাপন দিতে গেলেও এই নিয়ম মেনে চলতে হবে। বিজ্ঞাপনে অনুমোদন পেতে জেলার এমসিএমসি-তে আবেদন করতে পারবেন প্রার্থীরা। তা ছাড়া, ভোট শেষ হওয়ার ৭৫ দিনের মধ্যে প্রচারের খরচের বিবরণ কমিশনকে জানাতে হবে রাজনৈতিক দলকে।
