ওঙ্কার ডেস্ক: টলিপাড়ায় একের পর এক বিয়ের খবর। সম্প্রতি সাত পাকে বাঁধা পড়েছেন মধুমিতা সরকার। এবার বাগদানের পর্ব সারলেন অদ্রিজা রায়। কিন্তু তাঁর এই কাহিনী মনে করিয়ে দিল সিনেমার সিন, বলিউডের ‘টু স্টেটস’ সিনেমার কথা উস্কে দিল দর্শক মনে। অভিনেত্রী গুঞ্জন সত্যি করে বাগদান সেরে নিলেন এই শীতেই। এদিন সোশ্যাল মিডিয়ায় বাগদান পর্বের ঝলক শেয়ার করেছেন অভিনেত্রী।
তবে জানা গিয়েছে, পাত্র বাঙালি নন, দক্ষিণ ভারতের বাসিন্দা, নাম ভিগ্নেশ আইয়ার। মহারাষ্ট্রের শাহপুরের এক খামার বাড়িতে ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে ভিগ্নেশের সঙ্গে আংটিবদল করেছেন অদ্রিজা। বাগদানের আসর থেকে অভিনেত্রীর সাজপোশাকেও প্রাধান্য পেয়েছে দক্ষিণী ছোঁয়া। পরনে দুধে আলতা রঙের শাড়ি। দক্ষিণী স্টাইলের রকমারি গয়নায় অদ্রিজার সাজ সম্পূর্ণ করেছিলেন। পাত্রও পাঞ্জাবির সঙ্গে দক্ষিণী স্টাইলে ধুতি পরেছিলেন।
প্রসঙ্গত, কর্মসূত্রে বছর দুয়েক ধরেই অদ্রিজা রায় মুম্বইয়ের বাসিন্দা। বাংলা টেলিভিশনের গণ্ডি পেরিয়ে মুম্বইতে চুটিয়ে কাজ করছেন তিনি। ‘অনুপমা’ সিরিয়ালের সুবাদে হিন্দি টেলিদর্শকমহলের কাছে তিনি অবশ্য ‘রাহি’ বলেই পরিচিত। অবেশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে বাগদানের ছবি ভাগ করে নিলেন অভিনেত্রী।
