ওঙ্কার ডেস্ক: প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মামলা করা ৫০ কোটির মানহানি মামলায় স্বস্তি পেলেন কুমার শানু। গায়কের বিরুদ্ধে কোনও রকম মানহানীকর মন্তব্য করা যাবে না বলে সাফ জানাল বম্বে হাই কোর্ট। মামলার শুনানিতে শানুর আইনজীবী দাবি করেন, গায়কের প্রাক্তন স্ত্রী মন্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। সেই মন্তব্যের ফলে শানুর সামাজিক এবং পেশাগত ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তার ফলে মানসিক চাপ এবং আর্থিক ক্ষতি হচ্ছে গায়কের। এই বিষয়টিতে গুরুত্ব দিয়ে আদালতের সাফ নির্দেশ, ভবিষ্যতে গায়ককে নিয়ে কোনওরকম ভিত্তিহীন মন্তব্য করা যাবে না। সুতরাং প্রাক্তন স্ত্রীকে সতর্ক করেছে আদালত। তার ফলে স্বাভাবিকভাবেই আদালতের নির্দেশ শানুর পক্ষেই গিয়েছে।
কুমার শানুর ব্যক্তিগতজীবন নিয়ে বরাবরই চর্চায় ছিলেন! যার জেরে একাধিকবার শিরোনামে এসেছেন গায়ক। মাসখানেক আগে তাঁর প্রাক্তন প্রেমিকা তথা অভিনেত্রী কুনিকা সদানন্দও বিস্ফোরক মন্তব্য করেন শানুর সঙ্গে তাঁর ‘বিবাহ বহির্ভূত’ সম্পর্ক নিয়ে। তার দিন কয়েক বাদেই গায়কের প্রাক্তন স্ত্রী রীতা গায়কের বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ তোলেন প্রাক্তন স্ত্রী। তিনি দাবি করেন, “কুমার শানু ভীষণ নিরাপত্তাহীনতায় ভুগত। তাই আমাকে ঘর থেকে বের হতে দিত না। এসব অভিযোগের পরই সমাজমাধ্যমে কটাক্ষ ও সমালোচনার মুখে পড়তে হয় কুমার শানুকে। যার জেরে গত বছরের অক্টোবর মাসে আইনজীবীর মাধ্যমে প্রাক্তন স্ত্রীকে আইনি নোটিসও পাঠান কুমার শানু। বম্বে হাই কোর্টে মানহানির মামলা দায়ের করে ৫০ কোটি টাকা ক্ষতিপূরণও চান গায়ক। ওই মামলাতেই এবার স্বস্তি পেলেন শানু।
