ওঙ্কার ডেস্ক: সমাজমাধ্যম থেকে সংবাদমাধ্যম যেন হয়ে উঠেছিল যুদ্ধ ক্ষেত্র। ফেসবুক জুড়ে ছেয়ে গিয়েছিল একটিই খবর। শুক্রবার রাতে পার্কস্ট্রিটের এক পাবে বন্ধুবান্ধবদের সঙ্গে খাওয়া-দাওয়া করতে গিয়েছিলেন অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটর সায়ক চক্রবর্তী। সঙ্গে ছিলেন তাঁর দুই বন্ধু অনন্যা গুহ ও সুকান্ত কুণ্ডু। সেখানে নাকি তাঁরা মাটন স্টেক অর্ডার করেছিলেন কিন্তু তাঁদের না জানিয়েই বিফ স্টেক পরিবেশন করা হয় বলেই ফেসবুক লাইভেই অভিযোগ তোলেন সায়ক। এই ঘটনাকে কেন্দ্র করে রেস্তরাঁয় বচসা শুরু হয় এবং গোটা বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় রাতারাতি। সেই কাণ্ডে এবার ক্ষমা চাইলেন রেস্টুরেন্ট কতৃপক্ষ।
প্রসঙ্গত, সায়কের দাবি জানিয়েছিলেন, খাবার পরিবেশনের পর প্রথমে খিদের বসে তাঁরা বুঝতে না পেরে খান। তবে কয়েক কামড়ের মধ্যেই স্বাদে অমিল বুঝতে পেরে ওয়েটারকে ডেকে প্রশ্ন তোলা হয়। ঘটনাস্থল থেকেই সায়ক ফেসবুক লাইভে পুরো বিষয়টি তুলে ধরেছিলেন। সেই ভিডিওতেই শোনা যায়, তিনি ওয়েটারকে বলেন যে তিনি একজন ব্রাহ্মণ এবং তাঁকে না জানিয়ে গরুর মাংস খাওয়ানো হয়েছে। তিনি বিষয়টিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে উল্লেখ করেন। সেখান থেকে জল গড়িয়েছিল বহু দূর। যদিও কথোপকথনের সময় ওয়েটার স্বীকার করেন যে তাঁর ভুল হয়েছে। এই ঘটনার জেরে গ্রেফতারও করা হয়েছিল সেই ওয়েটারকে। ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় জোর আলোচনা। ইতিমধ্যেই এই ঘটনার নিন্দা জানিয়েছেন বহু পরিসরের মানুষেরা। নানাজনে নানান মন্তব্যে ভরিয়েছেন কমেন্টবক্স। উল্লেখ্য, অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটর সায়কের সোশ্যাল মিডিয়ার পাতায় বর্তমানে ওই ঘটনা সংক্রান্ত ভিডিওটি উধাও। পাশাপাশি অভিনেত্রী অনন্যা গুহ ফেসবুক পোস্টে জানিয়েছেন তিনি খাবার নিয়ে আপত্তি জানিয়েছেন, পাশাপাশি তিনি বলেছেন, ভিডিও সংক্রান্ত বিষয়ে তাঁকে যোগ না করা হয়।
নতুন করে পার্কস্ট্রিটের ঘটনার কথা সায়ক নিজেই সোশ্যাল মিডিয়ায় এনে বিতর্ক জড়ালেন অভিনেতা-ইনফ্লুয়েন্সার।
