ওঙ্কার ডেস্ক: ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে বলিউডের জনপ্রিয় মুখ অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্না। মুম্বই বিমানবন্দর থেকে বাড়ি ফিরছিলেন দুজনেই। জানা গিয়েছে, রাত ৯টা নাগাদ জুহু এলাকায় ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পড়ে অক্ষয়ের গাড়ি। মাঝরাস্তায় রীতিমত উল্টে যায় গাড়ি। বর্তমানে এই ঘটনায় আহত অন্তত দু’জন।
প্রসঙ্গত, যে গাড়িটি দুমড়েমুচড়ে গিয়েছে সেটিতে অক্ষয় কিংবা টুইঙ্কলের কেউই ছিলেন না। অভিনেতার এসইউভি-টি ছিল তাঁকে নিয়ে যাওয়ার কনভয়। সেই গাড়িটির সঙ্গেই একটি অটোরিকশার মুখোমুখি ধাক্কা লাগে এবং দুমড়েমুচড়ে যায় অটোটি। একবারে পাল্টি খেয়ে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় অভিনেতার গাড়িকে। অটোচালক ও গাড়ির চালক দু’জনেই নাকি গুরুতরভাবে আহত। তাঁদের ইতিমধ্যেই নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান, অটোটি গতিবেগ ছিল প্রয়োজনারিক্ত। যার ফলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তা অক্ষয় কুমারের নিরাপত্তা রক্ষীদের গাড়িকে ধাক্কা দেয়। বর্তমানে অটোচালককে জিজ্ঞাসাবাদ করে গোটা বিষয়টি জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। রাস্তার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। যদিও মুম্বইয়ের রাস্তায় অটোর এই বেপরোয়া গতি নতুন নয়। তবে তার জেরে খোদ অক্ষয়ের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ায় এনিয়ে নড়েচড়ে বসেছে ট্রাফিক পুলিশও।
