ওঙ্কার ডেস্ক: ফের রূপোলী পর্দায় ফিরছেন অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায়। তিন বছর আগে জীবনটা একেবারে পাল্টে গিয়েছিল অভিনেত্রীর। সেসময়ে প্রেমিক টুবানের বিরুদ্ধে হেনস্থার অভিযোগও তুলেছিলেন তিনি। তবে সেই ঘটনা বর্তমানে অতীত। ২০২৫ সাল থেকে মুম্বইয়ে পাকাপাকি ভাবে পাড়ি দিয়েছেন নায়িকা। তবে এখন খবর, তিন বছর পরে আবার নাকি বড়পর্দায় ফিরতে চলেছেন নয়না। অন্দরে কানাঘুষো এমনই।
খবর, রামগোপাল বর্মা পরিচালিত নতুন ছবিতেই ফিরছেন তিনি। তারই প্রস্তুতিই চলছে এখন। নয়নার কথায়, “মাঝে বেশ কয়েক বছর আমাকে কাজ করতে দেওয়া হয়নি। অনেক ঝড় গিয়েছে নিজের ওপর দিয়ে। প্রচুর সুযোগ এসেছিল। কিন্তু সব হাতছাড়া হয়ে যায়। রামগোপাল স্যরের সঙ্গে আগেও আমি কাজ করেছি। শীঘ্রই ওঁর সঙ্গে নতুন কাজ শুরু করব।”
তিন বছর কাজ না করায় মাঝের এই সময়ে প্রায় ১৬ কেজি ওজন বেড়ে গিয়েছিল তাঁর। অনেক নিয়ম, শরীরচর্চা, নিয়ন্ত্রিত খাওয়া-দাওয়ার মধ্যে থেকে বর্তমানে ওজন ঝরিয়েছেন। অভিনেত্রী যোগ করেন, “আর পুরনো দিনে ফিরেতে চাই না। রামগোপাল স্যরের সঙ্গে কথা হয়েছে। এ ছাড়াও আরও বেশ কিছু কাজ করার ইচ্ছা আছে। আবার নতুন ভাবে আমাকে দেখবেন দর্শক শীঘ্রই।” যদিও নয়না আপাতত মুম্বইয়েই আছেন। তবে শীঘ্রই কলকাতায় ফেরার কথা রয়েছে তাঁর।