ওঙ্কার ডেস্ক: ২০২৩ সালে মুক্তি পেয়েছিল টলিউডের বহুল জনপ্রিয় ছবি ‘অর্ধাঙ্গিনী’। খাতায় কলমে বিচ্ছেদ হওয়ার পরও কি সম্পর্কে আর কিছু বেঁচে থাকে? ভোলা যায় সমস্ত অনুভূতি, অভ্যাস? নতুন আর পুরনোর মাঝে যে সম্পর্ক, সম্পর্কের বিভিন্ন দিক, জটিলতা সবটাই সেই ছবিতে ফুটে উঠেছিল। তার তিন বছর পর আবার আসছে ‘অর্ধাঙ্গিনী’ ছবিটির সিক্যুয়েল।
কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘আজও অর্ধাঙ্গিনী’ ছবিটির ঘোষণা গত বছরই হয়ে গিয়েছিল। তার এক বছর পর মুক্তি পেতে চলেছে সিক্যুয়েল ছবি। এদিন প্রকাশ্যে এল ছবির পোস্টার। ছবির পোস্টারে দেখা যাচ্ছে একটি কাগজে আগুন জ্বলছে আর তার মাঝেই মুখোমুখি জয়া আহসান এবং কৌশিক সেন। আর তাঁদের মাঝে চূর্ণী গঙ্গোপাধ্যায়। এবার সম্পর্কের কোন দিক ছবিতে ফুটবে সেটাই দেখার। এদিন ডবল ধামাকা কেবল পোস্টার নয়, একইসঙ্গে প্রকাশ্যে এসেছে ছবি মুক্তির দিনও। আগামী মাসে মুক্তি পাবে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবিটি। ১০ জুলাই বড়পর্দায় আসছে ছবিটি। ‘আজও অর্ধাঙ্গিনী’ ছবিটিতে থাকছে আগের কাস্ট, অর্থাৎ কৌশিক সেন, চূর্ণী গঙ্গোপাধ্যায়, জয়া আহসান, অম্বরীশ ভট্টাচার্যকে এবারেও দেখা যাবে ছবিতে। পরিচালনায় স্বয়ং কৌশিক গঙ্গোপাধ্যায়।
খবর, প্রথম ভাগ ঠিক যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হবে এই ছবি, তেমনটাই শোনা গিয়েছিল। গল্পে ফুটে উঠবে সুমন চ্যাটার্জির বর্তমান ও প্রাক্তন দুই স্ত্রীর জীবনের গল্প। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী, অম্বরীশ ভট্টাচার্য, ইন্দ্রাশিস রায় ছাড়াও থাকবেন অভিনেত্রী আভেরী সিংহ রায়। এই ছবিতে আভেরীকে দেখা যাবে চূর্ণী গাঙ্গুলির সহকর্মী হিসাবে। গল্পে বড় দিদির মতো চূর্ণীকে দেখেন তিনি। তারপর গল্প কোন দিকে এগোবে সেই নিয়েই বর্তমানে দর্শক মনে বেড়ে চলেছে কৌতূহল। অপেক্ষায় ১০ জুলাইয়ের।