ওঙ্কার ডেস্ক: টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস)-এর পুনের অফিসের এক ইঞ্জিনিয়ারের আত্মহত্যা। ৪৮ বছর বয়সী ওই আইটি ইঞ্জিনিয়ার অফিসে হেনস্থার অভিযোগ তুলে এই চরম পদক্ষেপ নিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ইঞ্জিনিয়ারের নাম অমিত অভয় ব্রহ্মে। সুইসাইড নোটে তিনি অর্চনা ও শাশ্বতী নামের দুই সিনিয়র মহিলা কর্মীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলেছেন।
তদন্তকারীরা জানিয়েছেন, দুই সিনিয়র মহিলা কর্মী ছাড়াও তিনি বিনোদ পালিচা নামের এক কর্মীর বিরুদ্ধেও অভিযোগ করেছেন। যাকে তিনি বন্ধু বলে মনে করতেন বলে নোটে উল্লেখ করেছেন অমিত। পালিচা অফিসে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য অমিতের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছিলেন বলে অভিযোগ। তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যে দুই মহিলা ওই পুরুষ কর্মীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, গত ২ জুন নিজের বাড়িতে আত্মহত্যা করেন অমিত। তদন্তের সময় পুলিশ তাঁর ঘর থেকে দুই পৃষ্ঠার একটি নোট উদ্ধার করেছে। তাঁর ঘনিষ্ঠদের দাবি, এই নোটটি অফিসের কর্মীরা যে ভাবে মানসিক হেনস্থা করত তা সামনে এনে দিয়েছে। নোটে অমিত অভিযোগ করেছেন, তাঁর কাছ থেকে ভালো প্রজেক্টগুলো কেড়ে নেওয়া হয়েছিল। দুই সিনিয়র সহকর্মী—অর্চনা ও শাশ্বতী—তাঁকে মানসিকভাবে হয়রানি করেছিলেন বলেও অভিযোগ তাঁর।
অমিত আরও অভিযোগ করেছেন, ভাল প্রজেক্টগুলো ইচ্ছাকৃতভাবে সরিয়ে নিয়ে তাঁকে অত্যন্ত কঠিন কাজ দেওয়া হতো, যা নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব ছিল না। এর ফলে গোটা অফিসের কাছে তাঁকে অপমান করা হতো। সহকারী পুলিশ কমিশনার সুধাকর যাদব জানিয়েছেন, সুইসাইড নোটে নাম থাকা ওই তিন কর্মীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করা হয়েছে। তবে কাউকে এখনও গ্রেফতার করা হয়নি। তদন্ত চলছে।