ওঙ্কার ডেস্ক: সরকারি অফিসের এক মহিলা কর্মীকে রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করল তাঁরই পুরুষ সহকর্মী। শুক্রবার মহারাষ্ট্রের পালঘরে এই ঘটনা ঘটেছে। ২৭ বছর বয়সী ওই মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে পর পর কোপানোর ফলে তিনি গুরুতর ভাবে জখম হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম অমোল মুলে; তিনি আদালতের পিয়ন। ঘটনার পর থেকেই পলাতক। পুলিশ তার খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে ইতিমধ্যে। তদন্তকারীরা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। আক্রান্ত মহিলার নাম স্নেহল সাওয়ান্ত; তিনি পালঘর জেলা শাসক অফিসে রাজস্ব বিভাগে কর্মরত। ঘটনার সময় তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় অভিযুক্ত পেছন থেকে ছুটে এসে স্নেহলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তাঁর ঘাড়, পিঠ, কাঁধ ও কোমরের অংশে আটবার আঘাত করে। যার ফলে গুরুতরভাবে জখম হন ওই মহিলা।
স্নেহল ভারসাম্য হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারী তাঁকে আরও কয়েকবার আঘাত করে বলে স্থানীয় সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে। লুটিয়ে পড়লে অভিযুক্ত তার ব্যাগ ও ধারালো অস্ত্রটি ঘটনাস্থলেই ফেলে রেখে পালিয়ে যায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় পথচারীরা জখম মহিলাকে দেখে ঘটনাস্থলে দাঁড়ান। তাঁরাই উদ্ধার করে প্রথমে পালঘরের একটি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ইতিমধ্যে পালঘর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ফরেনসিক দলও ঘটনাস্থল পরিদর্শন করে প্রমাণ সংগ্রহ করেছে। অভিযুক্তকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। কী কারণে এই হামলা তাও খতিয়ে দেখা হচ্ছে।