ওঙ্কার ডেস্ক: ফের প্রেমানন্দের শরণাপন্ন হলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। দু’দিন আগেই তারকাদম্পতিকে ক্যমেরাবন্দি হতে দেখা গিয়েছিল মুম্বই বিমানবন্দরে। অনুষ্কার গলায় তুলসীর মালা বিশেষ ভাবে নজর কেড়েছিল সকলের। সেখান থেকেই তাঁরা পৌঁছে গিয়েছিলেন প্রেমানন্দ মহারাজের কেলিকুঞ্জ আশ্রমে। এর আগেও এই আশ্রমে এসেছিলেন তারকাদম্পতি এবারও সেখানে যাওয়ার নাকি ছিল বিশেষ কারণ।
00:00
মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ আশ্রমে পৌঁছে যান বিরুষ্কা। ঘণ্টাখানেক সময়ও কাটান তাঁরা। সেখান থেকেই কিছু মুহূর্ত সমাজমাধ্যমে ছড়িয়েও পড়েছে। একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, চুপচাপ বসে আছেন বিরাট ও অনুষ্কা। তাঁদের আশপাশেও রয়েছে মানুষের ভিড়। প্রত্যেকেই তাঁরা প্রেমানন্দের বাণী ও কীর্তন শুনছেন মন দিয়ে। অনুষ্কার গলায় এই দিনও তুলসীর মালা চোখ এড়ায়নি নেটিজেনদের। পরনে নীল রঙের চুড়িদার ও ওড়না। বিরাটের গলায়ও দেখা যায় তুলসীর মালা। তাঁর পরনে সাদা শার্ট। দু’জনেরই কপালে তিলক কাটা। গত ১৫ ফেব্রুয়ারি ছিল বিরুষ্কার পুত্র অকায়ের জন্মদিন। পুত্রের জন্মদিন উপলক্ষে এবং পরিবারের মঙ্গল কামনার জন্যই আশ্রমে পৌঁছে গিয়েছিলেন বিরুষ্কা।
গত বছর ডিসেম্বরেও তাঁরা পৌঁছেছিলেন প্রেমানন্দের কাছে। প্রেমানন্দ মহারাজের শরণাপন্ন হয়ে অনুষ্কা বলেছিলেন, ‘‘আমরা দু’জনে আপনাকে স্মরণ করছি। তাতেই মহারাজ বলেন, ‘‘আসলে আমরা সকলেই শ্রীজির সন্তান। সকলকে রাধানাম জপে যেতে হবে।’’
