ওঙ্কার ডেস্ক: বায়ুদূষণের কারণে বড় বড় শহরগুলির অন্যতম প্রধান সমস্যা। শ্বাসকষ্ট, ফুসফুসে সংক্রমণসহ নানান রোগে আক্রান্ত হওয়ায় সম্ভাবনা থেকেই যায়। আর তাঁর ফলেই সবথেকে বেশি ভোগে শিশুরাই। ফলে দেশের মেট্রো সিটির বাতাসের গুনমান সূচকের দিকে সবসময়ে নজর থাকে। বছরখানেক ধরেই বড় শহরগুলিতে বায়ুদূষণের সমস্যা ক্রমবর্ধমান। এবার মুম্বইয়ে বাড়তে থাকা বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে ভারতের পশ্চিম উপকূলের মানচিত্রে বাতাসের গুনমান সূচক জানিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন দীপিকা। তাঁর শেয়ার করা ছবিতেই দেখা গেল, মুম্বইয়ের মাত্রাতিরিক্ত বায়ুদূষণের চিত্র। যা কিনা এদিন ১৫৩-তে গিয়ে পৌঁছেছিল। উল্লেখ্য বিগত একবছরে মুম্বইয়ের বাতাসের গুণমাণ নীচের দিকেই নেমেছে। এই ঘটনায় উদ্বিগ্ন বলিপাড়ার ব্যক্তিরাও। এবার এই বিষয়টিকে দৃষ্টি আকর্ষণ করে মুম্বই প্রশাসনকে পদক্ষেপের আর্জি জানালেন দীপিকা পাড়ুকোন।
অভিনেত্রী পোস্টে লিখেছেন, “আমাদের শহরের নাগরিক এবং শিশুদের দমবন্ধ হবার জোগাড়। বিএমসি এবং বিএমসি পাবলিক হেলথ ডিপার্টমেন্টকে ট্যাগ করে লেখেন দয়া করে কোনও পদক্ষেপ করুন।” উল্লেখ্য সম্প্রতি মুম্বইয়ের বাতাসের গুনমান সূচক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন রিচা চাড্ডাও। এবার দীপিকা পাড়ুকোনকেও সরব হয়ে প্রশাসনকে পদক্ষেপের আর্জি জানাতে দেখা গেল।
