ওঙ্কার ডেস্ক: রাজনীতির ময়দানে অভিনেতা-অভিনেত্রীদের যোগদান বিশেষ কিছু নয়। ইতিমধ্যেই বহু তারকাদেরই দেখা যায় বিভিন্ন রঙের দলে। চলতি বছর আগামী ১৬ মার্চ রাজ্যসভা নির্বাচন। দেশের ১০টি রাজ্যের ৩৭টি আসনে ভোট হবে। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের পাঁচটি আসন। সম্প্রতি এই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হতেই প্রার্থী তালিকা নিয়ে শুরু হয়েছিল জল্পনা। কিন্তু সকলকে চমকে দিয়ে এবার নির্বাচনে প্রার্থী তালিকায় দেখা গেল অভিনেত্রী কোয়েল মল্লিকের নাম। প্রার্থীনাম ঘোষণা করেই, তৃণমূল কংগ্রেসের সমাজমাধ্যমের পাতায় লেখা হয়, ‘আমরা তাঁদের আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা জানাই। তাঁরা যেন তৃণমূলের স্থিতিস্থাপকতার স্থায়ী উত্তরাধিকার এবং প্রতিটি ভারতীয়ের অধিকার ও মর্যাদা রক্ষার জন্য অঙ্গীকারবদ্ধ হন।’
কার্যত সকলকে অবাক করে দিয়ে কোয়েল মল্লিক-কে রাজ্যসভা নির্বাচনে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। তিনি টলিউডের অন্যতম জনপ্রিয় ও পরিচিত নায়িকা। নয় নয় করে প্রায় ২২ বছরের অভিনয় জীবন। এই দীর্ঘ যাত্রায় বিতর্ক বা চর্চায় তেমন ভাবে নাম আসেনি কোয়েল মল্লিকের। এ যাবতকালে কোনও রাজনৈতিক রঙও গায়ে মাখতে দেখা যায়নি নায়িকাকে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়’এর স্নেহাশিস তাঁর ওপর সবসময়ই ছিল। অভিনেত্রীর একাধিক সহকর্মীকে এর আগে লোকসভা বা বিধানসভা নির্বাচনে লড়তে দেখা গিয়েছে। কেউ জিতেছেন, কেউ হেরেছেন। কিন্তু কোয়েলকে সরাসরি ভোটের ময়দানে নজরে আসেননি। এবারও ভোটে না লড়েই কার্যত রাজ্যসভার সাংসদ হওয়ার পথে তিনি।
কিন্তু এই খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তুমুল প্রতিক্রিয়া। অনেক ভক্তই মন্তব্য করেছেন, হতাশাও প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, “আপনার প্রতি অনেক শ্রদ্ধা ছিল… ঘেন্না লাগছে।” আবার কেউ লিখলেন, “আপনাকে সবাই শ্রদ্ধা করত, সেই জায়গাটা আর থাকবে না।” কেউ আবার লিখেছেন, “আজ থেকে তোমার মুভি দেখব না।” তবে সবারই যে একই প্রতিক্রিয়া, তা নয়। অনেকে শুভেচ্ছাবার্তাও পাঠিয়েছেন অভিনেত্রীকে। উল্লেখ্য, কিছুদিন আগে উন্নয়নের কর্মসূচি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজির হয়েছিলেন রঞ্জিত মল্লিকের বাড়িতে। তখন থেকেই আলোচনা শুরু হয়েছিল রাজনীতিতে কে আসছেন রঞ্জিত নাকি কোয়েল মল্লিক? যদিও তা চর্চার আঙিনাতেই সীমাবদ্ধ ছিল। এতদিন দুই সন্তানের দায়িত্ব, সংসার এবং নিজের অভিনয় জীবন সামলে এসেছেন কোয়েল। এবার রাজ্যসভার সাংসদ হিসেবে নতুন দায়িত্ব যোগ হল। রাজনৈতিক ময়দানে সরাসরি না নামলেও, এবার রাজনীতির রঙ তাঁর নামের সঙ্গে যুক্ত হল। আগামী দিনে অভিনেত্রীর এই নতুন পথ চলা কোন দিকে যায় সেই নিয়ে নজর সকলের।
