ওঙ্কার ডেস্ক: ক্যামেরা বরাবরই পছন্দ ছিল, কিন্তু তাঁর পছন্দ ছিল ক্যামেরার ওপারে থাকার। ইচ্ছা ছিল পরিচালক হওয়ার। তবে ক্যামেরার সামনেও দর্শক সমানভাবে ভালোবাসা দিয়েছেন। যদিও পরিচালক হিসেবেও দর্শক মহলেও খ্যাতি পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। টেলিভিশনের পর্দায় ব্যাপক জনপ্রিয় হয়েছিলেন তিনি। তারপর থেকেই বড়পর্দা থেকে ওটিটি, টলিউড থেকে বলিউডে আর ফিরে দেখতে হয়নি তাঁকে। বেশ কয়েকদিন অভিনয় থেকে দূরেই ছিলেন তিনি। তবে পরমব্রত আবারও ফিরতে চলেছেন তাঁর চেনা পথে। অভিনেতাকে আবারও নাকি দেখা যেতে চলেছে ছোটপর্দায়।
খবর, জি বাংলার আসন্ন ধারাবাহিক ‘কমলা নিবাস’এ নাকি দেখা যেতে চলেছে অভিনেতাকে। ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা যাবে দেবশঙ্কর হালদার ও সোহিনী সেনগুপ্তকে। তাঁদের দুই মেয়ের চরিত্রে থাকবেন দেবাদৃতা বসু ও সংহতি বন্দ্যোপাধ্যায়কে। গল্পে দেবাদৃতার সঙ্গেই দেখা যাবে পরমব্রতকে। ইতিমধ্যেই ধারাবাহিকের শুটিং শুরু হয়েছে। সমাজমাধ্যমে ইন্দ্রপুরী স্টুডিওতে দাঁড়িয়ে ছবিও পোস্ট করেছিলেন পরমব্রত। গুঞ্জন সত্য হলে বহু বছর পর ‘ঘরে’ অর্থাৎ টেলিভিশনের পর্দায় আবারও তাঁকে দেখবেন দর্শক।
উল্লেখ্য, কিছুদিন আগেই বঙ্গভূষণ পেয়েছিলেন পরমব্রত। ‘কমলা নিবাস’এ পরমব্রত ও দেবাদৃতার প্রেম দেখবেন দর্শক। তবে তাঁদের প্রেম গল্প অনুযায়ী পরিণতি পাবে কিনা তা এখনও পর্যন্ত জানা যায়নি। জানা গিয়েছে এই ধারাবাহিকের গল্প, শ্রীনিবাস গুহ এবং তাঁর স্ত্রী কমলাকে ঘিরে। নিছকই এক মধ্যবিত্ত মানুষ, সংসারের দায়দায়িত্ব পালন করতে করতে বয়স বেড়ে গিয়েছে তা ঠাহোর করা হয়ে ওঠেনি। কিন্তু তাঁর একটাই স্বপ্ন, তাঁর স্ত্রী কমলার জন্য একটা বাড়ি বানিয়ে দেওয়া। এই চরিত্রে দেখা যাবে দেবশঙ্কর হালদারকে। অন্যদিকে ছাপোষা, সাধারণ মধ্যবিত্ত গৃহবধূ হলেন কমলা। যাঁর স্বপ্ন, তিন মেয়েকে ভাল ঘর, বরে বিয়ে দেওয়া। মেয়েরা যেন সুখী হয়। কমলার চরিত্রে দেখা যাবে সোহিনী সেনগুপ্তকে।
দু’জনের স্বপ্ন আলাদা হলেও একে অপরের প্রতি ভালবাসা, টান রয়েছে স্পষ্ট। এমন অবস্থায় দুজনের মধ্যে কার স্বপ্ন আগে পূরণ হয় সেটাই দেখার। তবে এখনও পর্যন্ত জানানো হয়নি ‘কমলা নিবাস’ ধারাবাহিকটির সম্প্রচার কবে শুরু হবে। এখন দেখার পরমব্রতর ‘ঘর অয়াপসি’ দর্শক মনে কতটা সারা ফেলতে পারে।
