ওঙ্কার ডেস্ক: জল্পনার অবসান, অবশেষে প্রকাশ্যে এল ‘দিদি নাম্বার ওয়ান সিজন ১০’ -এর নতুন প্রোমো, আর তাতেই স্পষ্ট এক বড় প্রশ্নের। আগামী ২৯ জুন থেকে শুরু হতে চলা নতুন সিজনে আর থাকছেন না রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁর জায়গায় জনপ্রিয় এই রিয়্যালিটি শো-এর সঞ্চালকের দায়িত্ব সামলাতে চলেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।
বেশ কয়েক সপ্তাহ ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল টলিপাড়ায়, ‘দিদি নাম্বার ওয়ান’-এ বড়সড় পরিবর্তন আসতে চলেছে। রচনার পরিবর্তে স্বস্তিকার নামও উঠে এসেছিল আলোচনায়। তবে চ্যানেলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না হওয়ায় বিষয়টি নিয়ে ধোঁয়াশায় ছিলেন দর্শকেরা। অবশেষে নতুন প্রোমো প্রকাশ্যে আসতেই সমস্ত জল্পনা শেষ হয়েছে। প্রোমোতে দেখা গেল, ‘দিদি নাম্বার ওয়ান’এ শুধুমাত্র নতুন সঞ্চালিকাই নয়, বদলে যাচ্ছে শো-এর গোটা ফরম্যাটও। আগের মতো আর চার জন নয়, একসঙ্গে ১০ জন প্রতিযোগীর সঙ্গে খেলায় মেতে উঠবেন স্বস্তিকা। দর্শকদের জন্য থাকছে একাধিক নতুন খেলা ও নতুন চমক। অর্থাৎ, একেবারে নতুন মোড়কে হাজির হতে চলেছে জনপ্রিয় অনুষ্ঠান। স্বস্তিকার এই নতুন ইনিংসকে স্বাগত জানিয়েছেন অনেক দর্শকই।
কিন্তু অন্যদিকে চলছে অন্য আলোচনা, জনপ্রিয় এই শো’য়ে রচনা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি কতটা প্রভাব ফেলবে, তা নিয়েও শুরু হয়েছে আলোচনা। এই শো’য়ে এবার আরও বড় পরিবর্তন হচ্ছে সম্প্রচারের সময়েও। এতদিন বিকেলের স্লটে দেখা গেলেও, ২৯ জুন থেকে রাত ১০টা ১৫ মিনিটে সম্প্রচারিত হবে ‘দিদি নাম্বার ওয়ান সিজন ১০’। ফলে নতুন সময়সূচিতে অনুষ্ঠানটি দর্শকদের কতটা আকর্ষণ করতে পারে এবং টিআরপিতে নিজের জনপ্রিয়তা ধরে রাখতে পারে কি না, সেদিকেও নজর রয়েছে সকলের।