ওঙ্কার ডেস্ক: ভারতীয় ক্রিকেটের অন্যতম কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে বহুদিন ধরেই চর্চা তুঙ্গে। অবশেষে সেই ছবির প্রস্তুতি শুরু হতে চলেছে জোরকদমে। সৌরভ গাঙ্গুলির নামভূমিকায় দেখা যাবে বলি অভিনেতা রাজকুমার রাওকে তা আগেই প্রকাশ করা হয়েছিল। এবার খবর বাঙালির ‘দাদা’র চরিত্রে অভিনয়ের জন্য আগামী মার্চ মাসেই কলকাতায় আসতে চলেছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। এখন পুরোদমে শুরু হয়েছে নতুন চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করার পালা। ওজন কমানো থেকে শুরু করে শরীরী গঠন বদল সব কিছুতেই মন দিয়েছেন অভিনেতা।
ক্রিকেট জীবনের পাশাপাশি মহারাজের ব্যক্তিগত জীবনের নানা দিকও ফুটিয়ে তোলা হবে এই ছবিতে। তবে অভিনেতার ছবিতে সবথেকে বড় চ্যালেঞ্জ ক্রিকেট, রাজকুমার জানিয়েছিলেন, তিনি ক্রিকেট খেলতে জানলেও বাঁ-হাতি ব্যাটার নন। ডান হাতে ব্যাট করতেই অভ্যস্ত তিনি। তাই বাঁ-হাতে ব্যাটিং শিখতে হচ্ছে অভিনেতাকে। কলকাতায় এসে বিভিন্ন জায়গা ঘুরে দেখেছেন ইতিমধ্যেই, শহরের ঐতিহাসিক ইডেন গার্ডেন্স, ময়দান, বেহালায় সৌরভের বাড়ি এবং তাঁর ক্রিকেট জীবনের সূচনাস্থল দুখীরাম কোচিং সেন্টার সব জায়গাতেই রেইকি করা হয় টিমের পক্ষ থেকে।
মার্চ মাসেই কলকাতায় শুরু হবে ছবির শুটিং। বলিউড সূত্রে খবর, কলকাতার পাশাপাশি মুম্বই এবং লন্ডনের বিভিন্ন লোকেশনেও শুটিংয়ের অনুমতি নেওয়া হয়েছে। ইতিমধ্যেই চরিত্রে আরও বাস্তবতা আনতে বাংলা ভাষাও শিখেছেন রাজকুমার। সব প্রস্তুতি প্রায় শেষ। এবার ইডেন গার্ডেন্সে ‘সৌরভ’ হয়ে রাজকুমারের ব্যাট হাতে নামার অপেক্ষা।
