ওঙ্কার ডেস্ক: একসঙ্গে তাঁরা গেয়েছেন বহু গান। পেশাগত সম্পর্কের বাইরেও দু’জনের বন্ধুত্ব বরাবরই নজর কেড়েছে সকলের। তবু অরিজিৎ সিংয়ের প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় একেবারেই হতাশ নন শ্রেয়া ঘোষাল। বরং এই পরিসমাপ্তির মধ্যেই তিনি দেখছেন এক নতুন যাত্রার ইঙ্গিত। শেষের মধ্যেই যে নতুন শুরুর সম্ভাবনা লুকিয়ে আছে, সে কথাই যেন মনে করছেন শ্রেয়া।
মঙ্গলবার সন্ধ্যায় প্লেব্যাক গানের জগৎ থেকে অবসর নেওয়ার ঘোষণা করে সকলকে চমকে দিয়েছেন অরিজিৎ। গত এক দশকেরও বেশি সময় ধরে বলিউড টলিউড সঙ্গীতে দাপটের সঙ্গে রাজত্ব করা এই শিল্পী তাঁর এক্স হ্যান্ডেলে প্রথম এই সিদ্ধান্তের কথা জানান, পরে ইনস্টাগ্রামেও শেয়ার করেন। যদিও প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অরিজিৎ, তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, সঙ্গীতচর্চা থেকে বিদায় নিচ্ছেন না। ভবিষ্যতে তিনি সুরকার হিসাবে সমানভাবে কাজ চালিয়ে যাবেন।
অরিজিতের এই ঘোষণায় যেখানে অনুরাগীরা হতাশ ও আবেগপ্রবণ, কিন্তু শ্রেয়া ঘোষালের কথায় এক নতুন সূচনার সম্ভাবনা। শ্রেয়া তাঁর অবসর ঘোষণার পোস্টের কমেন্টে লিখেছেন, ‘এটা অরিজিতের জীবনের এক নতুন অধ্যায়ের শুরু। এই প্রতিভাবান শিল্পী এবার কী সৃষ্টি করেন, তা শুনতে ও অনুভব করতে আমি সত্যিই মুখিয়ে আছি।’ শ্রেয়া আরও লেখেন, ‘আমি একে কোনও যুগের অবসান বলতে পারি না। অরিজিতের মতো শিল্পীকে কখনওই প্রচলিত সংজ্ঞায় বেঁধে রাখা যায় না। এবার আরও উঁচুতে ওড়ার সময়, প্রিয় অরিজিৎ।’
ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, সলমন খানের আসন্ন ছবি ‘ব্যাটল অব গালওয়ান’-এর গান ‘মাতৃভূমি’ই হতে চলেছে অরিজিতের শেষ বলিউড প্লেব্যাক গান। এক সময় সলমনের সঙ্গেই মনোমালিন্যে জড়িয়েছিলেন অরিজিৎ সিং। দীর্ঘদিন সেই দূরত্ব নিয়েই চলেছিল জল্পনা। তবে সময়ের সঙ্গে গলে যায় অভিমানের বরফ। পুরনো সব ভুল বোঝাবুঝি পেরিয়ে আবার সলমনের ছবিতে কণ্ঠ দেন অরিজিৎ। আশ্চর্যভাবে তাঁর প্লেব্যাক কেরিয়ারের শেষ গানটিও হতে পারে সলমনেরই ছবিতে.
