ওঙ্কার ডেস্ক: টানা ১৯টি সিজনের সাফল্যের পর ফের ছোট পর্দায় ফিরতে চলেছে দেশের জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’। আর আগের মতোই এই সিজনের হোস্টের আসনে দেখা যাবে বলিউডের অভিনেতা সলমন খানকে। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ সেপ্টেম্বর থেকেই শুরু হতে পারে ‘বিগ বস ২০’-এর শুটিং।
খবর, নিজের আগামী ছবির কাজ শেষ করেই ‘বিগ বস’-এর জন্য পুরোপুরি সময় দিতে চান সলমন। তাই শোয়ের প্রস্তুতিও ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন নির্মাতারা। প্রতিযোগীদের নাম এখনও চূড়ান্ত না হলেও, কাস্টিং টিম নাকি ইতিমধ্যেই একাধিক টেলিভিশন তারকার সঙ্গে যোগাযোগ শুরু করেছে। শুধু নতুন মুখই নয়, এবারের সিজনে পুরনো কিছু জনপ্রিয় প্রতিযোগীকেও ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। ফলে ‘বিগ বস ২০’-এ যে একাধিক চমক অপেক্ষা করছে, তা বলাই বাহুল্য। পাশাপাশি, শুটিং চলাকালীন সলমনের নিরাপত্তার বিষয়টিতেও বিশেষ নজর রাখা হবে বলেও জানা গিয়েছে। চ্যানেল এবং অভিনেতার টিম, দু’পক্ষই চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে কোনও রকম বাধা ছাড়াই নির্ধারিত সময়ে শোয়ের কাজ শেষ করা যায়।
প্রসঙ্গত, আপাতত নিজের আগামী ছবি ‘মাতৃভূমি’-র প্রস্তুতিতে ব্যস্ত সলমন খান। যদিও ছবিটির মুক্তির দিন এখনও ঘোষণা করা হয়নি। অন্যদিকে, দুই দশকের দোরগোড়ায় দাঁড়িয়ে ‘বিগ বস’ শো, এবার নতুন কী চমক নিয়ে আসে, সেদিকেই এখন তাকিয়ে দর্শকরা।