ওঙ্কার ডেস্ক: পথিকৃৎ বসুর পরিচালনায় ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ছবি নিয়ে আলোচনা আগেই ছিল। টলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা জিৎ যে এই ছবির মাধ্যমে পর্দায় দেশপ্রেমের কথা ফুটিয়ে তুলবেন, সেখবর আগেই প্রকাশ্যে এসেছিল। এই ছবিতে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক অনন্ত লাল সিংয়ের ভূমিকায় ধরা দেবেন অভিনেতা। সিনেমা ঘোষণার পর থেকেই দর্শকমহলে কৌতূহল ছিল তুঙ্গে। রোম্যান্স অ্যাকশনে অভিনয় করা সেই মানুষটিকে বিপ্লবীর চরিত্রে কেমন দেখাবে তা নিয়েও আলোনা হয়েছে।অবশেষে বৃহস্পতিবার, বহু রূপ নিয়ে প্রকাশ্যে এলেন জিৎ। কখনও বিপ্লবী আবার কখনও বা ডাকাতের বেশে ব্রিটিশ রাজের বিরুদ্ধে অ্যাকশনও করতে দেখা গেল অভিনেতাকে। শহরে ঘটে যাওয়া একের পর এক ভয়ঙ্কর ডাকাতির ঘটনার কথা তুলে ধরা হয়। এরপরই স্ক্রিনে ফুটে ওঠে ব্রিটিশ শাসকের নির্মম অত্যাচারের কিছু দৃশ্য। আর সেই অশান্ত আবহেই লাল ছাতা হাতে প্রকাশ্যে এগিয়ে আসেন বিপ্লবী অনন্ত লাল সিং। এরপরই ‘বন্দে মাতরম’ স্লোগান দিয়ে ধুতি পরে ধুন্ধুমার অ্যাকশনে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে দেখা যায় ‘অন্তত সিং’এর ভূমিকায় জিৎকে। উল্লেখ্যে, আগেই জানা গিয়েছিল যে এই সিনেমায় বিপ্লবী কিংবা ডাকাত বেশে একাধিক লুকে দেখা যাবে অভিনেতাকে। এবার সামনে আসা নানা ঝলকে জিতের বিভিন্ন বয়সে লুকের ছবি প্রকাশ করলেন পরিচালক পথিকৃৎ বসু। অতঃপর ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর টিজারেই যে প্রত্যাশার পারদ চড়ালেন জিৎ, তা অনুমান করাই যায়।
ঐতিহাসিক এই চরিত্রে অভিনয়ের জন্য কড়া হোমওয়ার্ক করেছেন জিৎ। পরিচালক আগেই জানিয়েছিলেন, জিৎ মুম্বইতে নিয়ম করে ফাইটমাস্টারের কাছে লাঠিখেলা শিখেছেন। তাঁর কথায়, “কোনও চরিত্রের জন্য এত নিষ্ঠা নিয়ে এর আগে কাউকে প্রশিক্ষণ নিতে দেখিনি।” আর জিতের সেসব শিক্ষার ঝলকই ফুটে উঠল টিজারে। ঝলক শেয়ার করে অভিনেতার মন্তব্য, “শাসকের হাতে যখন লেগে থাকে নিরীহ মানুষের রক্ত, বিপ্লবী তখন নিজেই হয়ে ওঠে বিপ্লব। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত অনন্ত সিংহের এ জীবনকাহিনী সেই বিপ্লবেরই আরেক নাম।” শুধু ঝলকই নয় পাশাপাশি মুক্তির দিনক্ষণও প্রকাশ্যে আনা হয়েছে, আগামী ২৭ মে রিলিজ হবে এই বিপ্লব কাহিনী ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। বর্তমানে কৌতূহলের পারদ চড়ছে দর্শক মনে। আর কিছুদিনের মধ্যেই প্রেক্ষাগৃহে আছে এই ছবি।
