ওঙ্কার ডেস্ক: সম্প্রতি অভিনেতা রাজেশ শর্মার অসুস্থতার খবরে উদ্বেগ দেখা দিয়েছিল, টলিউড থেকে বলিউডে। খবর ছড়িয়ে পড়ে, শুটিং চলাকালীন বিষাক্ত পোকার কামড়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। জানা গিয়েছে, পায়ের সংক্রমণ কমাতে শুক্রবার অস্ত্রোপচার হয়েছে রাজেশ শর্মার। অভিনেতার আপ্তসহায়ক, শুভাশিস জানান, দ্রুত সুস্থ হয়ে উঠছেন অভিনেতা। রক্তচাপ, সুগারের মাত্রা বর্তমানে স্বাভাবিক। জ্বর ও শ্বাসকষ্ট দুই-ই কমেছে। তাঁকে দেখতে এসেছিলেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁও। শনি এবং রবিবার তাঁকে পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকেরা। সব ঠিক থাকলে সোমবার হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারেন রাজেশ। শুক্রবার রাজেশের হাতে স্যালাইনের চ্যানেল, অক্সিজেনের নলও ছিল। জানা গিয়েছে, অস্ত্রোপচার হবে বলেই নাকে অক্সিজেনের নল ছিল অভিনেতার। চিকিৎসকেরা জানিয়েছেন, পায়ের চামড়া থেকে দূষিত রক্ত, সংক্রমণ বের করে দিলে আগের মতো সুস্থ হয়ে উঠবেন রাজেশ।
প্রসঙ্গত, প্রভাসের সঙ্গে হায়দরাবাদে ‘ফৌজি’ ছবির শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন রাজেশ। খবর, শুটিং শেষে রামোজি রাও স্টুডিয়োয় বিষাক্ত পোকার কামড়ে এত অসুস্থতা তাঁর। এই খবর ছড়ানো মাত্র বৃহস্পতিবার নড়ে বসে সিনেজগত। বর্তমানে অনেকটাই সুস্থ অভিনেতা। স্বাভাবিক ভাবেই এই খবর ছড়িয়ে পড়তে সিনেমহল ও তাঁর পরিবার চিন্তায় ছিলেন। অন্যদিকে, তাঁর অসুস্থতার খবর, মন্ত্রী ইন্দ্রনীল খাঁ’য়ের পাশপাশি, মুখ্যমন্ত্রীও তাঁর খবর নেন। সব ঠিক থাকলে সোমবারই বাড়ি ফিরবেন অভিনেতা।