ওঙ্কার ডেস্ক: অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্যর নতুন প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলচ্ছে বহুদিন যাবত। গত কয়েক দিনে এই নিয়ে যেন আলোচনা আরও তুঙ্গে। ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে ‘সাংভী’ চরিত্রে তাঁকে শেষ দেখা গিয়েছিল। তারপরে আর নতুন কোনও কাজে দেখা যায়নি অভিনেত্রীকে। আপাতত নিজের ব্যবসাতেই মন দিয়েছেন। এর মধ্যেই আবারও নতুন করে আলোচনা শুরু হয়েছে, ব্যবসায়ী পরিবারের সঙ্গে নাকি নতুন সম্পর্ক তৈরি হতে চলেছে ভট্টাচার্য পরিবারের!
সম্প্রতি, বিয়েবাড়িতে এক বন্ধুর সঙ্গে প্রেরণার একটি ছবি ছড়িয়েছে সারা সমাজমাধ্যম জুড়ে। যেখানে দেখা যাচ্ছে অভিনেত্রীর পরনে শাড়ি আর ধুতি-পাঞ্জাবিতে সেজে অভিনেত্রীর বন্ধু। ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন তাঁরা। এ প্রসঙ্গে প্রেরণা জানিয়েছেন, সেই ‘বন্ধু’ অভিনেত্রীর ছোটবেলার বন্ধু, নাম শুভজিৎ কুন্ডু। একসঙ্গে স্কুলে পড়েছেন তাঁরা। প্রায় ২৩-২৪ বছরের বন্ধুত্ব তাঁদের। কিন্তু এমন আলোচনায় নায়িকা কিছুই বলতে চাননা, তাঁর কথায়, ‘সত্যিই যদি এটা নিয়ে কথা হয়, তা হলে আমার কিছু বলার নেই।” তবে, অভিনেত্রী আরও জানিয়েছেন, জীবনে কোনও কিছুই সঠিক ভাবে বলা কঠিন। ছোটবেলা থেকে তাঁদের গভীর বন্ধুত্ব নিয়ে আগেও এমন মজা চলেছে। এই বন্ধুত্ব যদি ভবিষ্যতে অন্য দিকে গড়ায়, তা নিয়ে এখনই কিছু বলতে পারব না। পরে কী হবে এখন জানা নেই।” অভিনেত্রী নিজে আপাতত ব্যবসায় মনোনিবেশ করেছেন। তাই কিছু দিন ছোটপর্দায় কাজ থেকে বিরতি নিয়েছেন। বিয়ে বা প্রেম নিয়ে খুব বেশি কিছু ভাবতে এখনই রাজি নন নায়িকা।
