ওঙ্কার ডেস্ক: গত বছরেই ধরা পড়েছিল ক্যানসার, হয়েছিল অস্ত্রোপচারও। তারপর থেকেই একের পর এক অসুখ পিছু ছাড়ছে না অভিনেত্রী দীপিকা কক্কড়ের। দ্বিতীয় বার যকৃতে টিউমার ধরা পড়ার পরে কিছুটা ভেঙে পড়েছিলেন দীপিকা। অস্ত্রোপচারের মাধ্যমে সেই টিউমার থেকে মুক্তি, অন্য সমস্যা আবারও দেখা গিয়েছে এবার। এমত অবস্থায় নড়াচড়া পর্যন্ত করতে পারছেন না টেলিভিশন অভিনেত্রী।
অভিনিয়ের পাশাপাশি দীপিকার রয়েছে নিজস্ব ইউটিউব চ্যানেলও, সেখানেই সম্প্রতি এক ভ্লগে দীপিকা জানান, অস্ত্রোপচার হওয়ার পর থেকে আর তেমন খিদে পাচ্ছে না তাঁর। সারা শরীর জুড়ে অস্বাভাবিক ক্লান্তি। মেজাজের বদল হচ্ছে বার বার। কিন্তু এই ক্লান্তি নিয়েই রমজান উপলক্ষে রান্না করেছেন দীপিকা। এ বারের রমজানে এটাই তাঁর প্রথম রান্না। নিজের স্বাস্থ্যের বিষয়ে দীপিকা বলেন, “সত্যিই বিশ্রাম জরুরি, আমি জানি। ভীষণ ক্লান্ত লাগছে। এতটাই ক্লান্তি যে, আমার নড়াচড়া করতেও অসুবিধা হচ্ছে। যেদিন মানসিক ভাবে ঠিক থাকি না, সেই দিন আমি কিছুই করতে পারি না। যে দিন মন ভাল থাকে, সেই দিন অনেক কিছু করি। মন ভাল না থাকলে, লড়াই করার ক্ষমতাও পাই না।”
অস্ত্রোপচারের পরে কড়া ডায়েট মেনে চলতে হচ্ছে দীপিকাকে। অভিনেত্রীর স্বামী শোয়েব ইব্রাহিম জানান, “খুব কড়া নিয়ম এখন ওর। সকাল ৭টায় ও ঘুম থেকে ওঠে। হাঁটতে যেতে হয়। সন্ধে ৭টার পরে ওর কিছু খেতে পারবে না। এমন অবস্থায় বাড়িতে বসে থাকলে অবসাদ আরও জাঁকিয়ে বসে।” অন্যদিকে, ইফতারের জন্য রান্না করতে গিয়ে মন ভাল হয়ে যায় বলেও নিজের ভ্লগে জানিয়েছেন দীপিকা। মুরগির মাংসের সঙ্গে নানা রকমের সবজি দিয়ে ঘরোয়া পিৎজা তৈরি করেন দীপিকা। অভিনেত্রী জানান, অসুস্থ হওয়ার পর থেকে যতটা সম্ভব স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ারই চেষ্টা করেন তিনি। অভিনেত্রীর এমত শারীরিক অবস্থার খবরে স্বাভাবিক ভাবেই তাঁর পরিবার ও অনুরাগীদের মন খারাপ। তাঁর সুস্থতা কামনা করছেন সকলেই।
