ওঙ্কার ডেস্ক: বলিউডের বেশ পরিচিত জুটি ছিলেন তাঁরা। একসময়ে তাঁদের প্রেমকাহিনী নিয়ে বলিপাড়ায় ছিল বেশ চর্চা। তবে সময় পেরিয়েছে দু’জনের জীবনের মোড় ঘুরেছে অন্যদিকে বহুদিন আগেই। বর্তমানে তাঁরা প্রাক্তন, কথা হচ্ছে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফকে নিয়ে। কিন্তু তাঁদের সম্পর্ক শেষ হয়ে গেলেও তাঁদের কাজ আজও দর্শকের পছন্দের তালিকায় রয়েছে। সেই তালিকায় রয়েছে রণবীর-ক্যাটরিনার ‘রাজনীতি’ও। খবর, এবার নাকি পুরনো লিগ্যাসি নিয়েই দর্শকের দরবারে আসছে সেই ছবির সিক্যুয়েল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে কথা বলেছেন ছবির পরিচালক প্রকাশ ঝাঁ। পৌরাণিক ঘটনা নিয়ে ছবি করার কথা তিনি ভাবেন কি না তাঁর উত্তরে পরিচালক বলেন, “আমি জানি না, তবে হ্যাঁ, আমার পৌরাণিক কাহিনি ও বিভিন্ন মহাকাব্য থেকে অনুপ্রাণিত হয়ে ছবি বানানোর বেশ ইচ্ছা রয়েছে। এমনকী ‘রাজনীতি’র দ্বিতীয় অংশেও তার ব্যতিক্রম হয়নি।” তারপরেই ‘রাজনীতি ২’-এর সিক্যুয়েলের গুঞ্জনে কার্যত সিলমোহর দেন পরিচালক। পাশাপাশি প্রশ্ন উঠেছে আগের মতো সিক্যুয়েলেও কি দেখা যাবে রণবীর ও ক্যাটরিনাকে? তা নিয়ে যদিও কোনও মন্তব্য করেননি পরিচালক। এমনকি কারা কারা অভিনয় করবেন ‘রাজনীতি ২’’এ তা নিয়েও এখুনি খোলসা করেননি প্রকাশ ঝাঁ। তবে পুরনো জুটিকে আরও একাবার পর্দায় দেখার উন্মাদনা থেকেই যাচ্ছে দর্শকমনে।
উল্লেখ্য, রণবীর কাপুর, ক্যাটরিনা কাইফ, অজয় দেবগণ ও অর্জুন রামপাল অভিনীত ‘রাজনীতি’ মুক্তি পেয়েছিল ২০১০ সালে। সেই সময় রণবীর ও ক্যাটরিনার সম্পর্ক নিয়ে চর্চা তুঙ্গে। একের পর এক ছবিতে অভিনয় করছেন তাঁরা। ২০০৮ সালে ‘আজব প্রেম কি গজব কাহানি’ ছবির শুটিং ফ্লোরেই তাঁদের দু’জনের সম্পর্কের দানা বেঁধেছিল। সম্পর্কে জড়ানোর পর রণবীর-ক্যাটরিনা একসঙ্গে থাকাও শুরু করেছিলেন। কিন্তু ২০১৬ সালে সম্পর্কে ইতি টানেন তাঁরা। সেই জুটির শেষ অভিনীত ছবি ছিল ‘জগগা জাসুস’। বর্তমানে আরও একবার এই ‘রাজনীতি২’ ছবির সিক্যুয়েল যেন সেই জুটিকে পর্দায় দেখার যাবে কি না সেই প্রশ্ন উস্কে দিল বিনোদনমহলে।
