ওঙ্কার ডেস্ক: পথ দুর্ঘটনার কবলে জনপ্রিয় কবি-গীতিকার শ্রীজাত, জানা গিয়েছে দুর্ঘটনায় আহত হয়েছেন তিনি। হাওড়ার সাঁতরাগাছি এলাকা থেকে শো সেরে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। খবর ছড়িয়ে পড়তেই তাঁর অনুরাগী ও সাহিত্য মহলে ছড়িয়েছে উদ্বেগ। আর এই ঘটনার পরই ধর্না মঞ্চ থেকে খোদ মুখ্যমন্ত্রী নিজে শ্রীজাতর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বলে খবর।
জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে একটি অনুষ্ঠান শেষ করে নিজের গাড়িতেই বাড়ি ফিরছিলেন শ্রীজাত। সেই সময় সাঁতরাগাছি এলাকায় পিছন দিক থেকে দ্রুতগামী এক গাড়ি এসে তাঁর গাড়িতে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কার জেরে গাড়িটি বেশ ক্ষতিগ্রস্তও হয়। আকস্মিক সেই ধাক্কায় পেশিতে চোট পেয়েছেন শ্রীজাত। দ্রুত তাঁকে নিকটবর্তী হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর আপাতত তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনার পর রাজনৈতিক মহলেও ছড়িয়েছে উদ্বেগ। ধর্না মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, শ্রীজাতের গাড়ির দুর্ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের দ্রুত গ্রেফতার করা হবে।
দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর পরিবার ও অনুরাগীরা। বর্তমানে তিনি বিপদমুক্ত। চিকিৎসকদের পরামর্শ মেনে তিনি বর্তমানে বিশ্রামে রয়েছেন। সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।
