ওঙ্কার ডেস্কঃ ভোটের আগে বাংলায় ইডির হানা। অনলাইনে প্রতারণা মামলার তদন্তে রাজ্যে ফের তল্লাশি অভিযানে নামল ইডি। সোমবার সাতসকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে হানা দেন ইডির আধিকারিকেরা। কলকাতার পাশাপাশি উত্তরবঙ্গ, হাওড়া এবং দুর্গাপুরেও তল্লাশি চলে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, বেআইনি কল সেন্টারে আর্থিক প্রতারণার অভিযোগেই এই তল্লাশি চলছে। ভুয়ো কল সেন্টার খুলে বিভিন্ন জনকে প্রতারিত করা হয়েছে বলে অভিযোগ পেয়েছিল ইডি। সেই সূত্র ধরেই এই তল্লাশি চলছে বলে জানা যাচ্ছে।
সোমবার সকাল সকাল ইডির একটি দল হানা দেয় কলকাতার বোড়ালে। পাশাপাশি হাওড়া, দুর্গাপুর, শিলিগুড়ি এবং সংলগ্ন এলাকাতেও তল্লাশি চলেছে বলে সূত্রের খবর। তবে অভিযানে কিছু বাজেয়াপ্ত হয়েছে কি না, তা এখনও জানা যায়নি।
অনলাইন প্রতারণার অভিযোগে আগেও কলকাতায় হানা দিয়েছিল ইডি। কলকাতার বেনিয়াপুকুরের একটি বহুতলে তল্লাশি চলেছিল ইডির। কৈখালিতেও অভিযান চলেছিল। তদন্তকারীদের সন্দেহ ছিল, অন্তত কয়কশো কোটি টাকার দুর্নীতি হয়েছে। এবার আবারও ভুয়ো কল সেন্টারের মাধ্যমে প্রতারণার অভিযোগে ভোটের আগে বাংলায় ইডির অভিযান।
