ওঙ্কার ডেস্ক: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের আইনি স্বীকৃতি, অর্থের উৎস এবং আর্থিক কার্যকলাপের বিবরণ প্রকাশ-সহ আরও বেশি স্বচ্ছতার দাবিতে কর্নাটকের পুলিশ মন্ত্রী প্রিয়ঙ্ক খাড়্গে সম্প্রতি চিঠি লিখেছিলেন সরসসঙ্ঘ চালক মোহন ভাগবতকে। এবার খাড়্গের সেই দাবিকে সমর্থন জানালেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ হোসেন দলওয়াই।
আরএসএস প্রধান মোহন ভাগবতকে প্রিয়ঙ্ক খাড়্গের লেখা চিঠি প্রসঙ্গে দলওয়াই বলেন, কর্নাটকের মন্ত্রী আরএসএস এর নিবন্ধন, অর্থের উৎস নিয়ে গুরুত্বপূর্ণ এবং দীর্ঘদিনের অমীমাংসিত প্রশ্ন তুলেছেন। তাঁর কথায়, ‘কংগ্রেস বারবার আরএসএস-এর কার্যকলাপ ও অর্থায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এই প্রশ্নগুলো অনেক আগেই তোলা উচিত ছিল, তবে প্রিয়ঙ্ক খাড়্গে সেগুলোকে প্রকাশ্যে আনার ক্ষেত্রে সাহসিকতার পরিচয় দিয়েছেন।’ আরএসএস-এর তহবিলের উৎস, সেই অর্থের ব্যবহার কীভাবে হচ্ছে, সে বিষয়ে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি। দলওয়াই অভিযোগ করেন, ‘অর্থ কোথা থেকে আসছে এবং কোথায় যাচ্ছে, তা নিয়ে একটি তদন্ত হওয়া প্রয়োজন। ধর্ম, মন্দির এবং অন্যান্য প্রতিষ্ঠানের নামে নেওয়া তহবিল নিয়ে প্রশ্ন উঠছে। মানুষ সন্দিহান, এই অর্থ শেষ পর্যন্ত আরএসএস বা বিজেপির কাছে পৌঁছাচ্ছে কি না।’
উল্লেখ্য, সম্প্রতি কর্নাটকের পুলিশ মন্ত্রী প্রিয়ঙ্ক খাড়্গে মোহন ভাগবতকে চিঠি লিখেছিলেন। সেখানে আরএসএস -এর আইনি স্বীকৃতি, সাংগঠনিক কাঠামো, অর্থের উৎস, ব্যয়, সম্পদ এবং কর সংক্রান্ত বিধি পালনের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছিলেন তিনি। খাড়্গে যুক্তি দেন, ট্রাস্ট, এনজিও, কোম্পানি এবং অন্যান্য সরকারি সংস্থার জন্য স্বচ্ছতার মানদণ্ড প্রযোজ্য, আরএসএস-এর ক্ষেত্রেও স্বচ্ছতার মানদণ্ড কার্যকর হওয়া উচিত। যদিও এ প্রসঙ্গে সঙ্ঘ প্রধান মোহন ভাগবত বলেন, এই পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, আরএসএস প্রকাশ্যে কাজকর্ম পরিচালনা করে এবং সরকারি অর্থের ওপর নির্ভরশীল নয়। তাই খাড়্গের কথা অনুযায়ী সংগঠনটির নিবন্ধনের প্রয়োজন নেই।