ওঙ্কার ডেস্ক: নিউ ফরাক্কার কাছে রেললাইনে ধসের জেরে শনিবারও বিপর্যস্ত রেল পরিষেবা। উত্তরবঙ্গ থেকে কলকাতা ও হাওড়াগামী একাধিক ট্রেন বাতিল করেছে রেল। ফলে সপ্তাহান্তেও চরম দুর্ভোগে যাত্রীরা।
মুর্শিদাবাদের নিউ ফরাক্কা সংলগ্ন এলাকায় রেললাইনের নীচের মাটি বসে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে মেরামতির কাজ। তবে কবে ওই পথে স্বাভাবিক ট্রেন চলাচল শুরু হবে, তা এখনও নিশ্চিত নয়।
রেল সূত্রের খবর, একই এলাকায় বারবার ধস নামছে। ফলে মেরামতির কাজেও তৈরি হচ্ছে নতুন বাধা। নরম হয়ে যাওয়া মাটির উপর বালির বস্তা ও স্টোনচিপ্স ফেলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। শনিবার বাতিলের তালিকায় রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেন। তার মধ্যে রয়েছে গুয়াহাটি-হাওড়া সরাইঘাট এক্সপ্রেস, আলিপুরদুয়ার-শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস, বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস এবং হলদিবাড়ি-শিয়ালদহ দার্জিলিং মেল।
এ ছাড়া বাতিল হয়েছে বালুরঘাট-শিয়ালদহ এক্সপ্রেস, নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস, জলপাইগুড়ি রোড-শিয়ালদহ হমসফর এক্সপ্রেস, রাধিকাপুর-কলকাতা এক্সপ্রেস এবং যোগবনী-কলকাতা এক্সপ্রেস।
বাতিলের তালিকায় রয়েছে কাটিহার-হাওড়া এক্সপ্রেস, রাধিকাপুর-হাওড়া কুলিক এক্সপ্রেস, বালুরঘাট-কলকাতা তেভাগা এক্সপ্রেস, নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ তিস্তাতোর্সা এক্সপ্রেস এবং মালদহ টাউন-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস। এ ছাড়া নাহারলাগুন-সাঁতরাগাছি স্পেশাল এবং সহর্ষ-শিয়ালদহ হাটেবাজারে এক্সপ্রেসও বাতিল করা হয়েছে। কিছু দূরপাল্লার ট্রেনকে বিকল্প পথে চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। মালদহ থেকে নয়াদিল্লিগামী এক্সপ্রেস ট্রেন কাটিহার, মানসি ও মুঙ্গের হয়ে ঘুরিয়ে দেওয়া হবে। বঠিন্ডা-বালুরঘাট ফরাক্কা এক্সপ্রেস এবং উধনা-মালদহ টাউন স্পেশালও বিকল্প পথে চলবে।