ওঙ্কার ডেস্ক: সম্প্রতি রাজ্য রাজনীতিতে চর্চায় উঠে এসেছে ক্যামাক স্ট্রিট। কারণ এখানে থাকা তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে কখনও প্রশাসনের হানা তো কখনও দুষ্কৃতীদের তাণ্ডব—– সব মিলিয়ে সংবাদ শিরোনামে নামে থাকছে শহরের এই রাস্তা। এ বার অগ্নি নিরাপত্তায় ঝুঁকি রয়েছে এই দাবি করে তৃণমূল সাংসদের অফিস খালি করার নির্দেশ দিল পশ্চিমবঙ্গের দমকল বিভাগ।
অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অফিসে পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা নেই। নিরাপত্তা বিধি সেখানে মানা হয়নি। তাই ওই দফতর মানুষের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। মূল ভবনের সাত তলা এবং আট তলা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে দমকলের তরফে। সেই মর্মে চিঠি গিয়েছে ভবনের মালিকের কাছে। যে দুটি তলা খালি করার কথা বলা হয়েছে, সেই দু’টি তলাতেই রয়েছে অভিষেকের অফিস। সম্প্রতি সাংসদের এই অফিস থেকে একটি হোর্ডিং খুলতে গিয়েছিলেন কলকাতা পুরসভার আধিকারিকেরা। অভিষেক এবং তাঁর অনুগামীদের সঙ্গে ঝামেলাও হয় সে সময়।
দমকলের তরফে বলা হয়েছে, ক্যামাক স্ট্রিট ভবনের সপ্তম এবং অষ্টম তলায় অগ্নি নিরাপত্তা সংক্রান্ত নিয়ম মানা হয়নি। ভাড়াটিয়া এবং মালিক পক্ষকে তলব করেছিল প্রশাসন। কিন্তু যথাসময়ে নথি নিয়ে হাজিরা দেননি মালিকপক্ষ। তবে ভাড়াটিয়ারা উপস্থিত হয়েছিলেন। দমকলের বক্তব্য, অগ্নি নিরাপত্তার শংসাপত্রের মেয়াদ ২০২৬ সালের ১০ অগস্ট শেষে হয়ে গিয়েছে। তা পুনর্নবীকরণ করা হয়নি। একেবারেই নিরাপদ নয় সাত এবং আট তলা। অবিলম্বে তা খালি করে দিতে হবে।